বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিকল্পনায় এবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে লাল বলের ক্রিকেট। জাতীয় দলের ভবিষ্যৎ পাইপলাইন আরও শক্তিশালী করতে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে অংশ নেবে এইচপি স্কোয়াড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা।
ওয়ানডে সিরিজ এখনও চলমান থাকলেও এরই মধ্যে চার দিনের ম্যাচের জন্য সম্ভাব্য স্কোয়াডের বেশ কয়েকটি নাম জানা গেছে। বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, লাল বলের দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাকের আলী। সাদা বলের সিরিজে না থাকলেও চার দিনের ম্যাচে সুযোগ পাচ্ছেন মাহফিজুল ইসলাম রবিন।
এ ছাড়া লাল বলের দলে থাকছেন মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, ইফতেখার ইফতি, অমিত হাসান, ইয়াসির রাব্বি, চৌধুরি রিজওয়ান, আশিকুর রহমান শিবলি, প্রিতম কুমার, নাইম আহমেদ ও আনামুল হক। জাতীয় দলের নিয়মিত মুখ নাইম হাসানও থাকবেন প্রথম চারদিনের ম্যাচে। এরপর টেস্ট খেলতে জিম্বাবুয়েতে পাড়ি জমাবেন তিনি।
আগামী ১৩ জুন সীমিত ওভারের লড়াই শেষে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে এইচপি স্কোয়াড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উভয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
এসএইচ/আইএইচ
