বিজ্ঞাপন

হৃদয় কেন টেস্ট দলে, নাহিদ কেন নেই?

হৃদয় কেন টেস্ট দলে, নাহিদ কেন নেই?

টেস্ট ক্রিকেটে আবারও ডাক পেলেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন এই ব্যাটার। তবে হৃদয়কে কেন দলের সঙ্গে যুক্ত করা হলো দল ঘোষণার সময় তার ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আজ বৃহস্পতিবার বিসিবিতে করা সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বলেন, ‘তাওহীদ হৃদয় সাদা বলে নিয়মিত খেলেন। কিন্তু তাকে আমরা আমরা যেই ধরনের ক্রিকেট খেলতে চাই, সম্প্রতি আমরা কিন্তু (সেভাবেই) ভিন্ন ধরনের খেলা খেলছি। আমার মনে হয় তিনি হতে পারেন একটা খুব ভালো বিকল্প। আমি তার প্রথম শ্রেণীর খেলা দেখেছি।’

বাশার আরও যোগ করেন, ‘প্রথম শ্রেনিতেও কিন্তু তার রেকর্ড খারাপ না। তিনি যখন ব্যাটিং করেন, তখন কিন্তু খুব ইমপ্যাক্টফুল ইনিংস খেলতে পারেন। এটা হলো বাংলাদেশ ক্রিকেটের একটা ইতিবাচক দিক। তো আশা করি আমি আমি তার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী, তিনি লাল বলের সুযোগ পেলে ভালো করবেন।’

টেস্টে নাহিদ রানার না থাকার ব্যাখা হিসেবে বলেন, ‘নাহিদ রানাকে তিনটা ফরম্যাটেই ভুলে যাওয়া কিংবা তাকে না রাখাটা আসলে খুব কঠিন। সে আমাদের সেরা বোলার। তাকে যখন আমরা কোনো ফরম্যাটে না রাখি, তার পেছনে মূল কারণ তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট।’

‘আমরা গত সিরিজ কিছু প্লেয়ারকে নতুন করে দেখার জন্য নিয়েছিলাম। আমরা ওদেরকে আবার দেখবো। কিন্তু এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা ব্যাপার, যেটা আমরা অনুসরণ করে আসছি, সেটারও কোন ব্যাপার নেই। এজন্য আমরা আমাদের সেরা দলটাই বেছে নেয়ার চেষ্টা করেছি।’

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে অমিত হাসানের খেলা নিয়ে বাশার বলেন, ‘আমি মনে করি জিম্বাবুয়ে খুব ভালো দল। অমিত হাসানকে আমরা খেলানোর উদ্দেশ্যেই দলে নিয়েছি। যদি সুযোগ থাকে, অবশ্যই তিনি খেলবেন।’

এসএইচ/আইএইচ