সিরিজ জয়ের মন্ত্রে মিরপুরে তাসকিনের শুরুটা ছিল যন্ত্রদানবের মতো। মাপা লেন্থে বলের দিক পরিবর্তনটা ছিল অবিশ্বাস্য। বেক অব লেন্থে পড়া বলটাকে ছেড়ে দিতে চেয়েছিলেন ম্যাথু শর্ট। কিন্তু এতটা বাঁক খেয়ে বল স্টাম্পে আঘাত হানবে, হয়তো ভাবেননি অজি ওপেনার। তাতে বিনা রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
ম্যাথু শর্টও ডাক মারায় রেকর্ড গড়েছেন। ২৩ ম্যাচের ক্যারিয়ারে ডাকের হ্যাটট্রিক করলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে ডাক মেরেছেন এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষেও প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফিরেছেন তিনি। ম্যাথু শর্টকে উভয় ম্যাচে রানের খাতা খোলার আগে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে রানের খাতা খোলার আগে প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে শুরুর দুই ওয়ানডেতে একই চিত্র দেখা গেল। সবমিলিয়ে টানা চার ম্যাচে কোনো রান করার আগেই প্রথম উইকেট হারিয়েছে জশ ইংলিশের দল। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বার এমন দৃশ্য দেখা গেল।
২০২২ সালে প্রথমবার এমন লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিল আইসিসির সহযোগী দেশ পাপুয়া নিউগিনি। চার বছর পর টানা চার ম্যাচে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়ে সেই লজ্জার রেকর্ডে শামিল হলো ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়া প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে এই রেকর্ডে যোগ দিল অজিরা।
শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে শূন্য রানেই তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ১০২৪ ম্যাচের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা দেখা গেল। এর আগে সর্বনিম্ন ৫ রানে তিন উইকেট হারিয়েছিল জশ ইংলিশরা। বিনা রানে তিন উইকেট হারানোর দৃশ্যও দেখা গেল ২৩ বছর পর। ২০০৩ সালে শূন্য রানে টানা তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ।
ওয়ানডেতে এক ম্যাচেই দুই ওপেনারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা তৃতীয়বার দেখল অস্ট্রেলিয়া। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা, ২০২২ সালে পাকিস্তান ও ২০২৬ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার উভয় ওপেনার ডাক মেরে ফিরেছেন। ব্যাটিং ব্যর্থতার দিনে টাইগারদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজও হারলো টিম অস্ট্রেলিয়া।
আইএইচ
