বিজ্ঞাপন

বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে সিরিজ হারের ব্যাখ্যা দিলেন ইংলিস

বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে সিরিজ হারের ব্যাখ্যা দিলেন ইংলিস

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে অস্ট্রেলিয়া। শেষ দিকের কার্যকর ব্যাটিংই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে বলে মনে করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিস। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে ইংলিস স্বীকার করলেন টাইগারদের কৃতিত্ব। 

ম্যাচ শেষে ইংলিস জানান, বৃষ্টির বিরতির পরও তাদের ড্রেসিংরুমে জয়ের বিশ্বাস ছিল। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের বিশ্বাস ছিল। এমন পরিস্থিতিতে সবসময় বিশ্বাস রাখতে হয়, নিজের সর্বোচ্চটা দিতে হয় এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়।’

‘নতুন বলে তখনও বোলারদের জন্য কিছু সহায়তা ছিল। আমরা যদি শুরুতেই আরও তিন-চারটি উইকেট তুলে নিতে পারতাম, তাহলে ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি হতো’—যোগ করেন ইংলিস।

বাংলাদেশের ইনিংসের মাঝের অংশে নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালোই নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। উইকেটও পেয়েছি, যা আমাদের ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল। কিন্তু বাংলাদেশের শেষের ছোট্ট জুটিটিই ম্যাচটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।’

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আরও উন্নতির তাগিদ ইংলিসের। অজি অধিনায়ক আরও বলেন, ‘মূলত তিন বিভাগেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আরও ধারালো হতে হবে। কয়েকজন ব্যাটার ভালো শুরু পেয়েছে, কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেনি বা দলের জন্য অর্থবহ অবদান রাখতে পারেনি। এই জায়গাটিতে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম।’

বাংলাদেশের কৃতিত্ব দিতে ভুল করেননি ইংলিস, ‘এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাই বাংলাদেশ দলকে অভিনন্দন।’

এসএইচ/আইএইচ