বিজ্ঞাপন

এই বিশ্বকাপে কি ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হতে পারে?

এই বিশ্বকাপে কি ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হতে পারে?

বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বড় বড় জায়ান্টরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে উপমহাদেশের দর্শকদের বিশেষ আগ্রহ ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে আগে মাঠে নামবে সেলেসাওরা, তাদের প্রতিপক্ষ মরক্কো। রোববার ভোর ৪টায় দুই দল মুখোমুখি হবে। আর আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন বুধবার সকাল ৭টায়।

দুই দলই শিরোপার দাবি রেখে অংশ নিয়েছে এই বিশ্বকাপে। টুর্নামেন্টে তারা যতদিন টিকবে, উত্তেজনাও থাকবে তত তুঙ্গে। ঘটনাক্রমে যদি দুই দলের দেখা হয়ে যায়, তাহলে তো কথাই নেই; বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হবে সেটি। 

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ব্রাজিল সেমিফাইনাল জিতলে আর্জেন্টিনার সঙ্গে ফাইনালে দেখা হতো। কিন্তু তা হয়নি। আর্জেন্টিনা এবার পড়েছে জে গ্রুপে, আর ব্রাজিল সি গ্রুপে। দুই দলই যদি তাদের গ্রুপ পর্ব শীর্ষে থেকে শেষ করে এবং সব বাধা টপকাতে পারে তাহলে সেমিফাইনালে তাদের দেখা হতে পারে। আর দুই দলই যদি দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে তাহলেও শেষ চারে এই দ্বৈরথ হবে। তবে একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আরেক দল যদি রানার্সআপ হয়, তাহলে দুই দল ফাইনালে গেলে তবেই হবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। তবে দুই দলই যদি গ্রুপ পর্বে সেরা তৃতীয় দলের মধ্যে থাকে, তাহলে তাদের মুখোমুখি লড়াই কোন পর্যায়ে গিয়ে হবে, সেটা অনুমান করা কঠিন।

লিওনেল স্কালোনির দল বেশ সহজ গ্রুপে পড়েছে। তারা মুখোমুখি হবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের। অন্যদিকে কার্লো আনচেলত্তির দলকে খেলতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে।

বিশ্বকাপে এই পর্যন্ত আর্জেন্টিনা চারবার ব্রাজিলের বিপক্ষে খেলেছে। শেষবার ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে। ডিয়েগো ম্যারাডোনার পাসে ক্লাউদিও কানিজিয়ার ঐতিহাসিক গোলে ব্রাজিলকে শেষ ষোলো থেকে বিদায় করেছিল আলবিসেলেস্তেরা। তাদের প্রথমবার দেখা হয়েছিল ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে, ব্রাজিল ২-১ গোলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে জিতেছিল।

১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে বি গ্রুপের দ্বিতীয় রাউন্ডে দুই দল আরেকবার মুখোমুখি হয়েছিল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। চার বছর পর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ব্রাজিল ৩-১ গোলে গ্রুপ ম্যাচ জেতে। দুই দলের লড়াইয়ে ব্রাজিল দুইবার জিতেছে, আর্জেন্টিনা একবার, অন্যটি ড্র।

এফএইচএম