বিজ্ঞাপন

বাংলাদেশের এক দল গ্রুপ চ্যাম্পিয়ন, ভারতের সঙ্গে লড়াকু হার আরেক দলের

বাংলাদেশের এক দল গ্রুপ চ্যাম্পিয়ন, ভারতের সঙ্গে লড়াকু হার আরেক দলের

ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন)  ট্রফিতে শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে জিততে বড় ভূমিকা রাখেন সুমল তঞ্চঙ্গ্যা। ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন তিনি ও সোহাগ আলী। 

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-১৭ গোলে হারিয়েছে মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দলকে। টানা দুই জয়ে বাংলাদেশ এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আগামীকাল ১৩ জুন শনিবার প্রথম সেমিফাইনালে গ্রুপ বি চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ এ রানার্স আপ ইয়েমেনের। অন্য সেমিফাইনালে গ্রুপ এ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ বি রানার্স আপ মালদ্বীপ। 

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর উচ্ছ্বসিত সুমল তঞ্চঙ্গ্যা বলেন, ‘সত্যি বলতে হ্যান্ডবল টিম গেম। আজ সবাই এক সঙ্গে ভালো খেলেছি বলে জিতেছি। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে পুরস্কার জিতে খুব ভালো লাগছে। আসলে প্রথম ম্যাচ থেকেই আত্মবিশ্বাস ছিল ভালো কিছু করব। পারফরম্যান্স দিয়ে নিজেকে ফুটিয়ে তুলব। সেটাই হয়েছে এই ম্যাচে।’

অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত লড়াই করেও হার মানতে হয়েছে স্বাগতিকদের। পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ দিন দুপুরে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারিয়েছে ভারত। 

যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে ভারতের। বেশিরভাগ সময় গোল ব্যবধানে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে অন্যতম সেরা ম্যাচ খেলেছে এই দিন।

হ্যান্ডবলে পুরুষ বিভাগে কখনোই ভারতকে কোনো প্রতিযোগিতায় হারাতে পারেনি বাংলাদেশ। তবে দাই বমের লড়াকু মানসিকতায় কখনও কখনও সেই স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু অন্য খেলোয়াড়রা সেভাবে স্কোরই করতে পারছিল না। ম্যাচের বেশিরভাগ সময়ে বাংলাদেশ অন্তত ৪ গোলে পিছিয়ে থেকেছে। শেষ পর্যন্ত ওই ৪ গোলের ব্যবধান আর ঘোচাতেই পারেনি বাংলাদেশ। 

এমন হারে কোনও আফসোস নেই বাংলাদেশ অধিনায়ক আসাদুল্লাহ আদিবের, ‘আমরা এই ম্যাচে কখনও হাল ছেড়ে দিইনি। প্রতিটি মিনিট বাঘের মতো লড়াই করেছি। সব সময় চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য ম্যাচটা জিততে পারিনি। আমরা যেভাবে লড়াই করেছি সেটা পরের ম্যাচের জন্য অনুপ্রেরণা দেবে।’

এজেড/এফএইচএম

বিজ্ঞাপন