বিশ্বকাপের গ্রুপপর্বের অন্যতম আলোচিত লড়াইয়ে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। হাই-ভোল্টেজ ম্যাচটিতে রেফারির দায়িত্বে কারা থাকছেন এ নিয়েও চর্চার কমতি নেই। এরই মধ্যে ম্যাচ অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে ফিফা।
আগামীকাল (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লোভাকিয়ার স্লাভকো ভিনচিচ। সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি স্লোভেনিয়ার টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন সুইস কর্মকর্তা স্তেফান দে আলমেইদা।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদন বলছে, ৬ বছর আগের একটি বিতর্কিত ঘটনার কারণে নতুন করে আলোচনায় উঠে এসেছেন স্লাভকো ভিনচিচ। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পার্টিতে পুলিশের অভিযানে আটক হয়েছিলেন তিনি। ওই অভিযানে মাদক, অস্ত্র ও পতিতাবৃত্তি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৩৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তবে ভিনচিচের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে স্লোভেনিয়ার সংবাদপত্র ভেচারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ব্যবসায়িক সফরে গিয়ে কাকতালীয়ভাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিনচিচ বলেছিলেন, “আমি সেখানে ঘটনাচক্রে গিয়েছিলাম। ব্যবসায়িক বৈঠকের পর মধ্যাহ্নভোজের একটি আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, সেটিই ছিল আমার সবচেয়ে বড় ভুল। পুলিশ আসার পর যা হওয়ার হয়েছে।” তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং পুলিশ তা নিশ্চিত হওয়ার পর তাকে মুক্তি দেয়।
ঘটনার সময় স্লোভেনিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ভ্লাদিমির সাইন এটিকে ‘দুর্ভাগ্যজনক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছিলেন। তার ভাষ্য ছিল, “ভিনচিচের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তিনি ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন।”
সেই বিতর্ক পেছনে ফেলে দ্রুতই আন্তর্জাতিক ফুটবলে নিজের অবস্থান আরও শক্ত করেন ভিনচিচ। ২০২১ সালে ইউরোপা লিগের সেমিফাইনাল পরিচালনা করেন তিনি। এরপর চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব, বিশ্বকাপ বাছাইপর্বসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের অসংখ্য ম্যাচে দায়িত্ব পালন করেছেন।
৪৬ বছর বয়সী এই রেফারির ক্যারিয়ারে এবার যুক্ত হলো বিশ্বকাপের মঞ্চ। বাংলাদেশ সময় শনিবার রাতে ব্রাজিল ও মরক্কোর ম্যাচ পরিচালনার মাধ্যমে বিশ্বকাপের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হতে যাচ্ছেন তিনি।
এফআই

