ব্রাজিল ও মরক্কো ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে গা ঘেঁষে আছে। সেলেসাওরা ষষ্ঠ স্থানে আর আফ্রিকান দলটি সাতে। এই দুই দলের লড়াই দিয়ে শুরু হচ্ছে ‘সি’ গ্রুপের বিশ্বকাপ। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। প্রত্যাশিতভাবে ফেভারিট হিসেবে মাঠে নামছে ব্রাজিল, কিন্তু ছেড়ে কথা বলবে না ২০২৩ সাল থেকে মাত্র দুটি ম্যাচ হারা মরক্কো।
ভক্ত-সমর্থকদের মতে ব্রাজিলই জয়ের দৌড়ে এগিয়ে। আর চমক দেখাতে পারে মরক্কোও। ২০২৩ সালে সবশেষ দেখায় তারা ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল।
এবারও কি তেমন কিছু হবে? এর উত্তর মিলবে কাল সকালেই।
তবে সুপারকম্পিউটার অপ্টা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী ব্রাজিলই এগিয়ে। ২৫ হাজার প্রিম্যাচ সিমুলেশনের পর অপ্টা জানিয়েছে, সেলেসাওদের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। আর মরক্কোর তিন পয়েন্ট নেওয়ার সম্ভাবনা মাত্র ১৮.৮ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫ শতাংশ।
দুই দল এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। ১৯৯৮ সালে ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে মরক্কোকে পেয়েছিল ব্রাজিল। রোনালদো ও রিভালদোর গোলে ৩-০ তে জিতেছিল তারা।
এছাড়া আফ্রিকানদের বিপক্ষে ব্রাজিল বরাবর এগিয়ে। বিশ্বকাপে আটবার আফ্রিকান প্রতিপক্ষের মুখোমুখি হয়ে সাতটিতে জিতেছে। একমাত্র হার গত আসরের গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে।
এফএইচএম

