আইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার ‘ই’ গ্রুপ ম্যাচের মূল রেফারি ছিলেন মাইকেল অলিভার। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচ পরিচালনা করতে পারবেন না তিনি। ম্যাচটি থেকে ইংলিশ রেফারির ছিটকে যাওয়ার কথা জানিয়েছে ফিফা।
ফিলাডেলফিয়ায় দুই দলের ম্যাচে অলিভারের বদলি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন ফরাসি রেফারি ফ্রাঙ্কোইস লেটেজিয়ের।
ফিফা জানিয়েছে, অলিভার তার প্রথম ম্যাচে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে চোট সামান্য হওয়ায় পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে তাকে।
এবারের বিশ্বকাপে ছয় ইংলিশ অনফিল্ড অফিসিয়ালসের একজন অলিভার। তার সঙ্গে মূল রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যান্থনি টেলর। এছাড়া ইংল্যান্ড থেকে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে এই আসরে থাকবেন গ্যারি বেসউইক, অ্যাডাম নুন, স্টুয়ার্ট বার্ট ও জেমস মেইনওয়ার্নিং। সব মিলিয়ে ৫২ রেফারি, ৮৮ অ্যাসিস্ট্যান্ট রেফারি ও ৩০ ভিডিও ম্যাচ অফিসিয়াল এবারের বিশ্বকাপের দায়িত্বে থাকছেন।
২০১০ সাল থেকে প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করছেন ৪১ বছর বয়সী অলিভার। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল ম্যাচেও মাঠে ছিলেন তিনি।
এফএইচএম

