ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে রোমাঞ্চকর এক ম্যাচের স্বাক্ষী হয়েছে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের হাজারখানেক দর্শক। এ দিন অনূর্ধ্ব-২০ বিভাগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ইয়েমেন। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে নির্ধারিত ৬০ মিনিটে ৩৩-৩৩ গোলে সমতায় ছিল ম্যাচ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই দশ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ। ইয়েমেনকে ৩৮-৩৭ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিকরা।
ইয়েমেনের হ্যান্ডবল খেলোয়াড়রা উচ্চতায় ও ফিটনেসে বাংলাদেশের চেয়ে এগিয়ে। কিন্তু পুরো ম্যাচে ইয়েমেনের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে খেলেছে বাংলাদেশ। ম্যাচের স্কোর লাইনে কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। কখনও ১০:১০ তো কখনও ১১:১১। এভাবেই এগিয়েছে পুরোটা সময়। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা ম্যাচের শেষ পাঁচ মিনিট বাংলাদেশের খেলোয়াড় সুমল তঞ্চঙ্গ্যা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় ৫ জনকে নিয়ে খেলতে হয়েছে বাংলাদেশ। তারপরও কখনও হার মানেনি। লড়াই করেছে বীরের মতো।
ম্যাচ শেষ হতেই তাই কোচ, কর্মকর্তারা খেলোয়াড়দের সঙ্গে উচ্ছ্বাসে ভেসে গেছেন। দলের প্রায় সব খেলোয়াড়ই ম্যাচের পর আবেগে কান্নায় সতীর্থদের জড়িয়ে ধরেছেন। বাম কনুইয়ে চোট পেয়েও দুর্দান্ত খেলেছেন রাতুল উদ্দিন। সর্বোচ্চ ৯ গোল করে হয়েছেন ম্যাচ সেরা।
দিনের অন্য সেমিফাইনালে ভারত ৫৮-২৩ গোলে মালদ্বীপকে হারায়। আগামী ১৪ জুন রবিবার বিকেল ৫টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম।
এজেড/এইচজেএস
