বিজ্ঞাপন

পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন লিটন

পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন লিটন

গরমে বেশ অস্বস্তিতে ভুগছিলেন লিটন দাস। মিরপুরের আদ্রতা তাকে কাবু করেছে বারবার। ভেজা তোয়ালে দিয়ে গা মুছেছেন, ঘাড়ে ঝুলিয়েছেন ভেজা রুমাল। তাতেও স্বস্তি মিলেনি। উল্টো পায়ের পেশিতে টান পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি। লিটনের পরিবর্তে মাঠে নেমেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় বিদায় নেন সৌম্য সরকার। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম।  দুইজন মিলে অজি পেসারদের ভালোই সামাল দিচ্ছিলেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে তামিম বিদায় নেওয়ায় ভাঙে ৫১ রানের জুটি।

অধিনায়ক শান্তও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। ৫০ বলে ২৪ করে বিদায় নেন তিনি। এরপর দলের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময় বাড়তে ব্যাটের গতি বাড়িয়েছেন লিটন। হৃদয় সঙ্গে নিয়ে করেছেন ৯২ রানের অপরাজিত জুটি। কিন্তু আচমকা পায়ের পেশিতে টান পড়ায় ফিফটির আগেই মাঠ ছেড়েছেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৮২ রান। হৃদয় ৪৪ ও মোসাদ্দেক ২১ রানে অপরাজিত আছেন।

এদিকে ম্যাচের শুরুতে একাদশে একাধিক পরিবর্তন আনে বাংলাদেশ। ইনজুরিতে পড়া মেহেদী মিরাজের বদলে একাদশে ফিরেছেন শেখ মেহেদী হাসান। ওয়ানডে একাদশে প্রায় তিন বছর পর ফিরলেন তিনি। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকেও। তার পরিবর্তে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।

আইএইচ