World Cup Football Field

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত ইরানকুন্ডা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নায়ক

বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত ইরানকুন্ডা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নায়ক

বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে কখনোই খেলতে পারেনি। বাছাই পর্বেই বাদ পড়ে যায়। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ পড়েছিল অস্ট্রেলিয়ার গ্রুপে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে খেলা চার ফুটবলার আজ বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে একাদশে ছিলেন। 

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ম্যাচ দিয়ে। ওই ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছিল। বাংলাদেশের বিপক্ষে প্রথম গোলদাতা হ্যারি সটার আজকের ম্যাচেও একাদশে ছিলেন। মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে খেলা ক্যামরন, জর্ডান বস, কর্নর মেকল্যাফ আজ বিশ্বকাপেও তুরস্কের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন।

২০২৪ সালের ৬ জুন ঢাকায় কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলে। ওই ম্যাচে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ২-০ গোলে হারায়। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ইরানকুন্ডা। প্রথম গোলটি তার অ্যাসিস্টেই। ওই ম্যাচেই তার অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়।

ইরানকুন্ডা অত্যন্ত প্রতিভাবান ফুটবলার। তিনি আফ্রিকার তানজিনিয়ায় জন্মেছিলেন। অল্প বয়সেই তিনি অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে ভালো পারফরম্যান্স করে জুনিয়র দলে খেললেও সিনিয়র দলে ডাক পাচ্ছিলেন না। এজন্য এক সময় তিনি আফ্রিকা ও জার্মানির হয়ে খেলার প্রস্তাবও পেয়েছিলেন। গুরুত্বপূর্ণ ফুটবলারকে অস্ট্রেলিয়া হাতছাড়া করতে চায়নি। তাই বাংলাদেশের বিপক্ষে ঢাকায় তার অভিষেক করায়। এরপর আর পেছনে ফেরে তাকাতে হয়নি। বাংলাদেশের বিপক্ষে গোলের যোগানদাতা হলেও পাঁচ দিন পর বিশ্বকাপ বাছাইয়ে আরেক ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল করেন। ১৮ বছর ১২৩ দিনে করা সেই গোলটি অস্ট্রেলিয়ার ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ কনিষ্ঠের স্বীকৃতি পায়।

আজ অস্ট্রেলিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তুরস্ককে হারিয়েছে। দলের হয়ে প্রথম গোলটি করেছেন ইরানকুন্ডা। পুরো ম্যাচ জুড়েই দারুণ খেলেছেন। তার সঙ্গে ৬ জুন ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলা ফুটবলারদের মধ্যে আজ তুরস্কের বিপক্ষে একাদশে থাকা হ্যারি সটার, জর্ডান বস, কর্নর ম্যাকলেফও নজর কেড়েছেন।

এজেড/এফএইচএম