পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ১৪ জুন রোববার শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফি। এতে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দুই বিভাগেই রৌপ্য স্বাগতিক বাংলাদেশের আর দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত।
আজ অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারত ৪৮-২৭ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। আর মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই বিভাগেও চ্যাম্পিয়ন ভারত। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ফেভারিটের মতোই জয় পেয়েছে ভারত। উচ্চতা, ফিটনেস, ট্যাকটিকস, টেকনিক সব দিক দিয়ে এগিয়ে ছিল প্রতিবেশী দেশটি। শেষ পর্যন্ত অনুমিত জয়ই তুলে নিয়েছে তারা। যদিও বাংলাদেশ আরেকটু লড়াই করতেই পারতো। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাতুল উদ্দিনের ইনজুরির প্রভাব পড়ে খেলায়।
সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশে ক্রিকেট দল পাঠায়নি। সাফ নারী ফুটবলে এন্ট্রি দিয়ে প্রত্যাহার করেছিল গত বছর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পুরুষ ফুটবল দল বাধ্য হয়েছিল। দলীয় খেলার মধ্যে পুরুষ ফুটবলের পর হ্যান্ডবলে ভারত দুই দল পাঠিয়েছে।
ভারতের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া তওসিফ রাসুল, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন অসাধারণ টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা এখানে আবাসন থেকে শুরু করে, মেডিকেল সুবিধা, খাবারসহ সব রকমের আতিথেয়তায় খুব খুশি। বাংলাদেশকে এমন আয়োজনের জন্য অনেক ধন্যবাদ।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদসহ অন্যরা।
এজেড/এফএইচএম
