World Cup Football Field

বিজ্ঞাপন

কাগজপত্রের জটিলতায় বিশ্বকাপের শুরুতেই উরুগুয়ের ভোগান্তি

কাগজপত্রের জটিলতায় বিশ্বকাপের শুরুতেই উরুগুয়ের ভোগান্তি

ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। এ কারণে মেক্সিকো থেকে উরুগুয়ের জাতীয় দলের ফ্লাইট দেরিতে ছাড়ল। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়ল সাবেক চ্যাম্পিয়নরা। 

দলটির তাদের বেস ক্যাম্প প্লায়া দেল কারমেন থেকে ফ্লোরিডার মায়ামিতে উড়াল দেওয়ার কথা ছিল। উরুগুয়ান ফেডারেশন (এইউএফ) এক বিবৃতি দিয়েছে, ‘এইউএফ-এর নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো ছাড়তে দেরি হয়েছে। স্কোয়াড হোটেলে বিশ্রাম নিচ্ছে। 

ফিফা পরে এই দেরির কারণ ব্যাখ্যা করেছে। এই বিব্রতকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনকে দায়ী করেছে তারা, ‘মেক্সিকোর একটি বিমান সংস্থার অনুমতি সংক্রান্ত ত্রুটির কারণে কানকুন থেকে মায়ামিতে উরুগুয়ে জাতীয় দলের যাত্রা বিলম্বিত হয়েছে।’

তারা আরও বলেছে, ‘ওই এয়ারলাইন এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে। বিলম্ব হওয়ার সময়ে ফিফা উরুগুয়ের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছিল এবং দলের ভ্রমণ ব্যবস্থাপনা সহজ করতে বিমানবন্দর ও পরিচালন অংশীদারদের সঙ্গে কাজ করেছে।’

দেরিতে মায়ামিতে পৌঁছানোর কারণে উরুগুয়ের সংবাদ সম্মেলন পিছিয়ে গেছে। সূচি পাল্টে গেলেও কোচ মার্সেলো বিয়েলসা বলেছেন, ফ্লাইট পরিস্থিতি তার দলের জন্য কোনো সমস্যা তৈরি করেনি। সোমবার তারা সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

এফএইচএম