বিজ্ঞাপন

বিসিবির জেলা পর্যায়ের কোচ হতে লাগবে যে যোগ্যতা

বিসিবির জেলা পর্যায়ের কোচ হতে লাগবে যে যোগ্যতা

বিসিবি নির্বাচনে সভাপতি হওয়ার পর নতুন নতুন সিদ্ধান্তের পথে হাঁটছেন তামিম ইকবাল। এবার দেশজুড়ে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের কথা ভাবছেন তিনি। তবে এজন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে। দেশের প্রায় সব জেলার জন্য কোচ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি।

টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, খাগড়াছড়ি ও সুনামগঞ্জ বাদে দেশের বাকি ৫৯টি জেলা এবং ঢাকা মেট্রোর দুটি ইউনিটের জন্য কোচ খুঁজছে বোর্ড। চাকরির ধরন চুক্তিভিত্তিক, যার মেয়াদ ২ বছর। তবে দুই পক্ষের সম্মতিতে চুক্তি নবায়নযোগ্য।

বোর্ড জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই লেভেল-১ কোচিং সনদধারী হতে হবে অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, যে জেলার জন্য আবেদন করবেন, সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

তাদের দায়িত্ব কী হবে, জানিয়ে বোর্ড উল্লেখ করেছে- দায়িত্বপ্রাপ্ত জেলার সকল ক্রিকেট কার্যক্রম তদারকি করা, সম্ভাবনাময় ক্রিকেটারদের খুঁজে বের করা ও দলে অন্তর্ভুক্ত করা, খেলোয়াড় উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করা, খেলোয়াড়দের কারিগরি ও কৌশলগত দক্ষতা উন্নত করা, দল নির্বাচন, ম্যাচ কৌশল নির্ধারণ ও পারফরম্যান্স বিশ্লেষণ পরিচালনা করা এবং খেলোয়াড়দের শৃঙ্খলা, খেলোয়াড়সুলভ মনোভাব ও ক্রিকেটের মৌলিক মূল্যবোধে উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করা।

আগ্রহী কোচদের ক্রিকেটের কারিগরি বিষয়ে পূর্ণ জ্ঞান, কৌশলগত ও তাত্ত্বিক বিষয়ে দক্ষতা, ভালো যোগাযোগ গড়ে তোলার সামর্থ্য, বিশ্লেষণী ভাবনা, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা এবং কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান চেয়েছে বিসিবি। আগ্রহীদের বিসিবির প্রধান নির্বাহী বরাবর আবেদনপত্র অথবা ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। আবেদন করা যাবে ২৮ জুন পর্যন্ত।

এসএইচ/এমএমএম