World Cup Football Field

বিজ্ঞাপন

সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা

সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা

বিশ্বকাপ শুরুর আরও ছয়দিন পর অভিযানে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আলজেরিয়াকে নিয়ে সতর্ক অবস্থানে কোচ লিওনেল স্কালোনি। এক্ষেত্রে তিনি ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের কথা স্মরণে রেখেছেন। একইসঙ্গে প্রথম ম্যাচে মানসিক প্রশান্তি নষ্ট হবে না বলেও আশা তার।

আগামীকাল (বুধবার) ভোর ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়া ও আর্জেন্টিনা মুখোমুখি হবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে কোচ স্কালোনি বলেন, ‘সামনের সারিতে কয়েকজন দ্রুতগতির খেলোয়াড়ের সমন্বয়ে তারা দুর্দান্ত দল। তাদের বিপক্ষে সতর্ক থাকতে হবে এবং সম্মান দেখানোর জন্য উপযুক্ত। তারা আমাদের কাজটা কঠিন করে তুলতে পারে।’

আলজেরিয়ার খেলার ধরনে মরক্কোর সঙ্গে মিল দেখছেন স্কালোনি। যারা চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করেছে। এদিকে, আসন্ন ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়ার খেলোয়াড় এবং কোচ ভ্লাদিমির পেতকোভিচেরও প্রশংসা করেন স্কালোনি।

বিশ্বকাপ আসর শুরুর মুহূর্তে শান্ত থাকার ওপর জোর দিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘গত বিশ্বকাপ থেকে আমরা জানি, প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও তা নির্ণায়ক হয় না। আমরা মানসিকভাবে স্বস্তিতে আছি যে, প্রথম ম্যাচেই সব শেষ হয়ে যাবে না।’ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা হয়েছিল হোঁচট খেয়ে। সৌদি আরবের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টিতে লিড পেলেও, দ্বিতীয়ার্ধে দুই গোল হজমের পর হারে ২-১ ব্যবধানে।

dhakapost

এবারের আসর শুরুর আগেই একের পর এক চোটের খবরে কিছুটা বিপর্যস্ত ছিল আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে নামার আগে অ্যাঙ্কলের চোট থেকে হুলিয়ান আলভারেজ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ভাঙা আঙুলের চোট সেরে প্রথম ম্যাচেই ফেরার প্রত্যাশা করছেন স্কালোনি। যদিও মাংসপেশির চোটে থাকা নিকোলাস তালিয়াফিকোকে নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

আলজেরিয়ার বিপক্ষে নিজেদের রক্ষণে ঠিকঠাক রাখার দিকে মনোযোগী আলবিসেলেস্তে তারকা নিকোলাস ওতামেন্দি। সতর্ক অবস্থানে থেকে ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার বলছেন, ‘আমরা জানি সবাই চ্যাম্পিয়ন হিসেবে আমাদের হারাতে চায়। কাতার আসরেই আমাদের সামনে উদাহরণ আছে। যেকোনো দলই সমস্যা হয়ে উঠতে পারে। নিজেদের খেলাটা খেলতে হবে। তাদের ভালো খেলোয়াড় আছে। সার্বিকভাবে আমাদের শক্তিশালী একটি রক্ষণ গড়ে তোলার চেষ্টা করতে হবে।’

এএইচএস