বিজ্ঞাপন

কেমন আছেন লিটন, আগামীকাল খেলবেন কি না জানালেন নিজেই

কেমন আছেন লিটন, আগামীকাল খেলবেন কি না জানালেন নিজেই

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। শেষ ওয়ানডেতে পাওয়া চোটের রেশ রয়েছে এখনো। যে কারণে লিটনের প্রথম ম্যাচ খেলা হচ্ছে না বলাই যায়। 

যদিও সংবাদ সম্মেলনে লিটন জানালেন আগামীকাল তার খেলার সম্ভাবনা ‘ফিফটি ফিফটি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশীতে টান পড়েছিল তার। এরপর মাঠ ছাড়তে হয়। পরে ৪৯তম ওভারে ব্যাটিংয়ে ফিরলেও ফিল্ডিংয়ে নামতে পারেননি আর। 

নিজের ফিটনেস নিয়ে লিটন বলেন, ‘আগের চেয়ে আমি অনেক ভালো আছি। যে অবস্থায় ছিলাম, তার থেকে এখন ভালো লাগছে। তবে আজ দেখব, এরপর কাল আবার দেখে সিদ্ধান্ত নিতে হবে আমার বিষয়টা।’

সৌম্য সরকারকে ডাকা হয়েছে টি-টোয়েন্টি সিরিজে। যদিও এখনও তিনি দলে যোগ দেননি, আগামীকাল সকালে আসবেন চট্টগ্রাম। লিটন বলেন, ‘সৌম্যকে দলে নেওয়ার কারণ হলো, আমি নিজেই ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। কী হতে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ জন্য অন্তত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া ইমনেরও হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি যে প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে ডেকে আনতে হবে। সেই চিন্তা থেকেই সৌম্যকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ হয়তো সে অনুশীলন করতে পারবে না, তবে কাল থেকে দলের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে যাবে।’

এসএইচ/এফআই