ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর জাকরি হারান হেড কোচ সাব্রি লামুশি। তাকে বিদায় করার একদিন পরেই নতুন কোচ নিয়োগ দিল তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। এখন থেকে বিশ্বকাপে তিউনিসদের ডাগ আউটে থাকবেন ফ্রেঞ্চ মাস্টারমাইন্ড হার্ভে রেনার্ড।
আজ মঙ্গলবার তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বিবৃতিতে অফিশিয়ালি নিশ্চিত করেছে যে, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আপাতত দলের দায়িত্ব সামলাবেন ৫৭ বছর বয়সী হার্ভে রেনার্ড। তবে চুক্তি এখানেই শেষ নয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর সুনির্দিষ্ট স্পোর্টিং অবজেক্টিভ বা পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারে পুনরায় আলোচনা করা হবে।
তিউনিসিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম টেলিভিশন তিউনিসিয়েন জানিয়েছে, আজ বিকেলের মাঝেই মেক্সিকোর মনটেরিতে দলের বেস ক্যাম্পে এসে পৌঁছাবেন রেনার্ড এবং সরাসরি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন।
আফ্রিকান ফুটবলে হার্ভে রেনার্ড এক কিংবদন্তির নাম। জাম্বিয়া (২০১২) এবং আইভরি কোস্টের (২০১৫) হয়ে দুবার আফ্রিকা কাপ অব নেশনস জেতার অনন্য রেকর্ড আছে তার। তবে বিশ্বমঞ্চে তিনি সবচেয়ে বড় হইচই ফেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সেবার তার অধীনে থাকা সৌদি আরব গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই স্তব্ধ করে দিয়েছিল লিওনেল মেসির চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে (২-১ গোলে)।
এরপর ২০২৩ নারী বিশ্বকাপ ও প্যারিস অলিম্পিকে ফ্রান্স নারী দলের কোচের দায়িত্ব সামলান রেনার্ড। পরবর্তীতে আবারও সৌদি আরবের ডাগআউটে ফিরে পুরুষ দলকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে মূল ভূমিকা রাখেন তিনি। তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে জর্জিওস দোনাতোসের কাছে সৌদির কোচের পদ হারান তিনি। সেই রেনার্ডই এখন বিশ্বকাপের মাঝপথে তিউনিসিয়ার ত্রাতা।
সদ্য বিদায় নেওয়া সাব্রি লামুশির অধীনে খেলা শেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছিল তিউনিসিয়া। প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫ গোল আর বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫ গোল হজম করে দলের মনোবল এখন তলানিতে।
এমএমএম/

