নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হয়েছে রেকর্ড গড়ে। টুর্নামেন্টের প্রথম সপ্তাহেই দর্শক উপস্থিতি, টেলিভিশন সম্প্রচার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ততার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে আসরটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার জানিয়েছে, টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন মোট ৪৪ হাজার ৮৪৪ দর্শক।
আইসিসির কোনো নারী টুর্নামেন্টের উদ্বোধনী সপ্তাহে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতি। এর আগে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম সপ্তাহে ৩৪ হাজার ৬৮০ দর্শক মাঠে এসেছিলেন।
এই রেকর্ড গড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ। বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে গ্যালারিতে ছিলেন ১৮ হাজার ৮১৪ দর্শক। যা আইসিসি নারী বিশ্বকাপের ইতিহাসে গ্রুপ পর্বের কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।
মজার বিষয় হলো, আগের রেকর্ডটিও ছিল ভারত-পাকিস্তান ম্যাচের দখলে। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে দুই দলের লড়াই দেখতে মাঠে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৩৫ দর্শক। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশি দর্শকদেরও সরব উপস্থিতি ছিল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেও ছিল উৎসবের আবহ। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচের আগে জনপ্রিয় মিউজিক্যাল ‘উইকেড’ এর বিশেষ পরিবেশনা উপভোগ করেন দর্শকরা। পরে স্বাগতিক ইংল্যান্ডের জয় দেখতে মাঠে ছিলেন ১৪ হাজার ৮৬৫ সমর্থক।
শুধু মাঠেই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। ভারত-পাকিস্তান ম্যাচটি ভারতে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ১৩ কোটি ৪০ লাখ দর্শকের কাছে পৌঁছেছে। ম্যাচটি থেকে এসেছে ১১০ কোটি মিনিট ওয়াচটাইম, যা নারী ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে কোনো লিগ পর্বের ম্যাচের সর্বোচ্চ ডিজিটাল রিচ।
আইসিসি জানিয়েছে, তাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও টুর্নামেন্ট শুরুর পর থেকে ৭৫ কোটি ৩০ লাখের বেশি ভিউ হয়েছে। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের একই সময়ের তুলনায় যা ১৫০ শতাংশ বেশি।
আইএইচ
