বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ২০২৬ বিশ্বকাপে নেমেছে আর্জেন্টিনা। রেকর্ড ষষ্ঠ আসর খেলতে নামা বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি পঞ্চম মিনিটেই স্কোরশিটে নাম তুলেছিলেন। তবে সেই উদযাপন বেশিক্ষণ টেকেনি, রেফারি জানালেন এটি অফসাইড। একইভাবে তিন মিনিটের মাথায় দেওয়া আলজেরিয়ার গোলও বাতিল হয়েছে।
কানসাস সিটিতে আগে থেকেই আকাশি-সাদা ও সবুজ জার্সিধারী দুই দলের উন্মাদনা চলছিল। এমনকি নিউইয়র্কে তো উভয় দলের সমর্থকরা মারামারিতেও জড়িয়েছে। তবে অ্যারোহেড স্টেডিয়ামের গ্যালারিতে আজ (বুধবার) উভয় দল অবস্থান করছে কাঁধে কাঁধ মিলিয়ে। তাতে আর্জেন্টাইন সমর্থকদের গর্বে কিছুটা বুক উঁচু করার সুযোগ এনে দেন মেসি। কিন্তু দ্রুত ডি-বক্সে ঢোকার সময় শরীরের কিছু অংশ অফসাইড লাইনে পড়ে যায়।
আর্জেন্টিনা সমর্থকদের সেই উল্লাস থেমে যায় সহকারী রেফারির পতাকা হাতে তুলে ধরতে দেখে। হাফ ছেড়ে বাঁচে আলজেরিয়া। মিনিট তিনিকের মাথায় তরুণ প্রতিভা ইব্রাহিম মাজা দারুণভাবে রক্ষণচেরা পাস বাড়ান। যা ধরে ফারেস চাইবি এমিলিয়ানো মার্টিনেজকে ফাঁকি দেওয়া মাটি কামড়ানো শট নেন, দিবু পা ও হাত বাড়ালেও সেটি থামাতে পারেননি।
অল্প সময়েই ভ্রম ভাঙে আলজেরিয়ার। বেশ আগেই ভেতরে ঢোকায় অফসাইড হয়েছেন চাইবি, ফলে গোল বাতিল। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নামলেন মেসি। বেশ কয়েকটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার সামনে।
এএইচএস

