ওয়ানডে সিরিজ ভালো করলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ৪ উইকেটে হেরেছে টাইগাররা। এদিন দারুণ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।
এদিন বল হাতে অভিষেকে ৩ উইকেট শিকার করেছেন জোয়েল ডেভিস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ডেভিস বলেছেন, ‘হ্যাঁ একদম। আমি আরও বেশি স্পিনিং উইকেট আশা করেছিলাম, কিছুটা কম পেয়েছি। তবুও উইকেট থেকে যথেষ্ট সুবিধা আদায় করে নিতে পেরেছি আমি।’
স্বপ্নের মত অভিষেক হওয়া প্রসঙ্গে এই অজি স্পিনার বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে যেকোনো ফরম্যাটে খেলাই আমার কাছে স্বপ্নের মত ব্যাপার ছিল। ফলে আজকের এই অর্জন আমার কাছে অনেক বিশাল।’
চট্টগ্রামে নিজের বোলিং কৌশল প্রসঙ্গে ডেভিস জানিয়েছেন, ‘এখানে বাংলাদেশের মাঠগুলো অস্ট্রেলিয়ার তুলনায় কিছুটা ছোট। আমি চেষ্টা করেছি ব্যাপারটিকে নিজের পক্ষে কাজে লাগাতে। বাতাসও ছিল অনেক। মিচের (মিচেল মার্শের) আইডিয়া ছিল ব্যাটারদের আমাকে বড় বাউন্ডারির দিকে খেলতে বাধ্য করানো। ফলে এটা তার বেশ ভালো একটি প্ল্যান ছিল।’
সতীর্থ জাম্পার বোলিং নিয়ে ডেভিস বলেছেন, ‘দারুণ ছিল সে (জাম্পা)। তাকে টিভিতে বোলিং করতে দেখে বড় হয়েছি আমি, তার সাথে একই দলে খেলব এমন অভিজ্ঞতার কথা আগে কখনও ভাবিনি। মাঠে এবং মাঠের বাইরে সে দারুণ স্মার্ট।’
বোলিংয়ে জাম্পার সহযোগিতা নিয়ে ডেভিস আরও বলেন, ‘জাম্পা আমাকে সাহায্য করেছে, কীভাবে সঠিক অ্যাপ্রোচে গিয়ে উইকেট তুলতে পারি এবং লম্বা সময় ধরে চাপ সৃষ্টি করে যেতে পারি। তাকে পাশে পাওয়াটা বেশ ভালো ব্যাপার ছিল।’
এছাড়া নিজের ব্যাটিং নিয়ে জোয়েল ডেভিস জানিয়েছেন, ‘আমি আশা করেছিলাম বাকিরাই খেলা শেষ করে দেবে এবং আমার নামতে হবে না। কিছুটা নার্ভাস ছিলাম সাইডলাইনে। তবে মাঠে নেমে দলের জয় উদযাপন করা এবং দলের জয়ে অবদান রাখতে পারা আনন্দের ব্যাপার। হয়ত উইনিং রান করতে পারিনি, তবে ভালো লেগেছে।’
এসএইচ
