World Cup Football Field

বিজ্ঞাপন

বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে প্রথম গোল কঙ্গোর

বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে প্রথম গোল কঙ্গোর

জোয়াও কানসেলোর বিপজ্জনক ক্রসে বল ভেসে গেল পেনাল্টি এরিয়ায়। পেদ্রো নেতোর হেড ক্রসে পর্তুগালের এই স্কোয়াডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় নেভেস লাফিয়ে হেড করলেন। ম্যাচ ঘড়িতে তখন সময় ৫ মিনিট ৩২ সেকেন্ড, চলতি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম গোলে এগিয়ে গেল পর্তুগাল।

কিন্তু প্রথমার্ধের নাটকীয় সমাপ্তি ঘটল। কঙ্গো তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ গোল করে পর্তুগালের বিপক্ষে সমতা ফিরিয়ে আনল।

ঠিক প্রথমার্ধ শেষের বাঁশি বাজার মুহূর্তে ডিবক্সের মধ্যে সম্পূর্ণ অরক্ষিত থাকা উইসা হেড করে জাল কাঁপালেন। মাসুয়াকুর একটি ক্রস থেকে বল জালে জড়িয়ে কঙ্গোর সমর্থকদের স্বপ্নের রাজ্যে ভাসান তিনি।

কঙ্গোর জন্য এই গোলটি প্রাপ্য ছিল। ম্যাচের কঠিন শুরুর পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছিল তারা। পর্তুগাল অবশ্য ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলেছিল। ম্যাচের মাত্র ছয় মিনিটের মাথায় নেতোর একটি ক্রস থেকে হেডের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন নেভেস।

কিন্তু রবার্তো মার্তিনেসের দল সেই লিড আর বাড়িয়ে নিতে পারেনি। বাকি সময়ে কঙ্গোর গোলপোস্টে এমপাসিওকে খুব একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

প্রথমার্ধের সময় যত গড়িয়েছে, এই আফ্রিকান দলটির আত্মবিশ্বাস ততই বেড়েছে। কঙ্গো ১১তম মিনিটে প্রথম আক্রমণে যায়। উইসা জায়গা বের করে লক্ষ্যে শট নেন। অল্পের জন্য গোলপোস্ট ঘেষে বেরিয়ে যায় বল। দুই মিনিট পর আরেকটি সুযোগ। বাকাম্বুর বক্সের প্রান্ত থেকে নেওয়া শট আরাউজো ব্লক করে ফেরালেন।

এই দুটি আক্রমণেই যেন কঙ্গো চমক দেখানোর আত্মবিশ্বাস পেয়ে গেল। হাফটাইম শেষ করল গোল দিয়ে।

দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথমার্ধে ছিলেন একেবারে বিবর্ণ। মাত্র ১৭ বার বলে পা লাগাতে পেরেছেন তিনি, যা দলের অন্য যে কারও চেয়ে কম।

এফএইচএম