World Cup Football Field

বিজ্ঞাপন

ফ্রিতে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ, লাগবে না ফ্লাইটের ভাড়া-হোটেল খরচও

ফ্রিতে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ, লাগবে না ফ্লাইটের ভাড়া-হোটেল খরচও

বিশ্বকাপে নিজেদের দলকে সমর্থন দিতে উত্তর আমেরিকায় প্রায় এক হাজার সমর্থক পাঠিয়েছে কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে করে সমর্থকরা কানাডার ভ্যাঙ্কুভারে পৌঁছেছেন। কানাডার বিপক্ষে কাতারের আজকের ম্যাচের আগে দেশটির এমন উদ্যোগ এখন আলোচনায়।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের ‘সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ড’ এবং দেশটির ফুটবল ফেডারেশন যৌথভাবে ‘কাতারি ফ্যানস ডেলিগেশন প্রোগ্রাম’ চালু করেছে। এই কর্মসূচির আওতায় সমর্থকদের বিমানভাড়া, হোটেল খরচ, স্থানীয় যাতায়াতসহ বিভিন্ন সুবিধার ব্যয় বহন করা হচ্ছে।

ভ্যাঙ্কুভারে পৌঁছে কাতারি সমর্থকরা বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী দারবুকা ড্রাম বাজিয়ে দলকে উৎসাহ দিচ্ছেন। তারা অবস্থান করছেন ফেয়ারমন্ট ও জেডব্লিউ ম্যারিয়ট পার্কের মতো অভিজাত হোটেলে।

কাতারের অধিনায়ক আবদুলআজিজ হাতেম সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘এত পথ পাড়ি দিয়ে যারা এখানে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা দায়িত্ব সম্পর্কে সচেতন। আমরা এমন কিছু করতে চাই, যাতে তারা গর্ব নিয়ে স্টেডিয়াম ছাড়তে পারেন।’

ফুটবল ফেডারেশনের ভাষ্য, এই উদ্যোগের উদ্দেশ্য হলো স্টেডিয়ামে প্রাণবন্ত পরিবেশ তৈরি করা, যা খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স দিতে অনুপ্রাণিত করবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা কাতারি শিক্ষার্থীদেরও ম্যাচগুলোতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারের সমর্থকেরা সংখ্যায় কানাডিয়ান সমর্থকদের তুলনায় অনেক কম থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।

প্রাকৃতিক গ্যাস ও তেলসমৃদ্ধ দেশ কাতারের জনসংখ্যা প্রায় ৩২ লাখ। ২০২২ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। সেবার স্বাগতিক দল হিসেবে অংশ নিয়ে গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে বিদায় নিয়েছিল কাতার।

তবে এবার শুরুটা তুলনামূলক ভালো হয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে যোগ করা সময়ে বৌআলেম খৌখির গোলে ১-১ ব্যবধানে ড্র করে কাতার। অন্যদিকে কানাডাও বসনিয়া-হার্জেগোভেনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে।

এইচজেএস