বিজ্ঞাপন

‘অভিষেকে ফাইফার পাওয়া স্বপ্নের মতো’

‘অভিষেকে ফাইফার পাওয়া স্বপ্নের মতো’

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচেই ৯ উইকেট শিকার করে নজর কেড়েছেন তিনি। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ফাইফারসহ নিয়েছেন ৬ উইকেট। নিজের এমন পারফরম্যান্সকে স্বপ্নের মতো বলে অ্যাখ্যা দিয়েছেন এই টাইগার পেসার।

কেন্টের প্রকাশিত এক সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি মনে করি, একজন ফাস্ট বোলারের জন্য প্রথম ম্যাচেই পাঁচ উইকেট পাওয়া স্বপ্নের মতো। এখানে কীভাবে বল করছি, কীভাবে দলের জন্য আমার সেরাটা দিতে পারছি, এটা ভেবেই দারুণ লাগছে। এটা আমার জন্য সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’

কেন্টের হয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামেন হাসান। অভিষেক ক্যাপটি তিনি পেয়েছেন দলের অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ডের কাছ থেকে। বিষয়টিকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন এই ডানহাতি পেসার।

হাসান বলেন, ‘তিনি (ড্যানিয়েল বেল-ড্রামন্ড) একজন খুব ভালো খেলোয়াড় এবং অনেক বছর ধরে কেন্টের হয়ে খেলছেন। তার কাছ থেকে অভিষেকের ক্যাপ পাওয়া আমার জন্য সম্মানের। তিনি সবসময় আমাকে সমর্থন করেছেন। মাঠে সবাই যখন আমাকে ঘিরে করতালি দিয়েছিল, সেটা ছিল অসাধারণ অনুভূতি।’

ইংল্যান্ডের কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়ার রহস্যও জানিয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। তার মতে, বাংলাদেশের তুলনায় ইংলিশ উইকেটে ফুলার লেন্থে বল করলে বেশি সাফল্য পাওয়া যায়। হাসান আরও বলেন, ‘এখানে কন্ডিশনের কারণে বল বেশি সুইং করে। তাই একটু পরিবর্তন এনে ফুলার লেন্থে বোলিং করার চেষ্টা করেছি এবং সেটাই কাজে দিয়েছে।’

অভিষেক ম্যাচে নেওয়া উইকেটগুলোর মধ্যে লিয়াম লিভিংস্টোনের উইকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। ল্যাঙ্কাশায়ারের এই ইংলিশ ব্যাটার ম্যাচের উভয় ইনিংসেই হাসানের বলে আউট হয়েছেন। টাইগার পেসারের সুইংয়ে পরাস্ত হয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই ইংলিশ তারকা।

বর্তমানে কেন্টের হয়ে খেললেও শিগগিরই দেশে ফিরবেন হাসান। জাতীয় দলের ব্যস্ততা এবং লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর সেপ্টেম্বরে আবার কেন্টে ফিরবেন তিনি। তখন কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও চারটি ম্যাচ খেলার কথা রয়েছে তার।

আইএইচ