বৈভব সূর্যবংশীর পর এবার বিহার থেকে উঠে এলো আরেক বিস্ময়। তবে আলোচনায় পুরুষ নয়, বরং একজন নারী ক্রিকেটার। মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে ঝড় তুলে ক্রিকেটাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন অক্ষরা গুপ্তা। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচে খেলেছেন ১২৬ বলে ৩০৬ রানের দুর্দান্ত এক ইনিংস।
ভাগলপুরে অনুষ্ঠিত বিসিএ উইমেন্স অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে বিহার নারী দলের অধিনায়ক অক্ষরা এমন কীর্তি গড়েছেন। ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন অক্ষরা। মাত্র ১৬ বলে পূর্ণ করেন ফিফটি, ৩৪ বলে পা রাখেন সেঞ্চুরিতে। বাকি গল্পটা স্বপ্নের মতোই।
প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ম্যাচেই তুলে নেন ত্রিশতক। ১২৬ বলে করেছেন ৩০৬ রান। অবিশ্বাস্য এই ইনিংস সাজিয়েছেন ৫৫টি চার ও ৮টি ছক্কায়, যেখানে স্ট্রাইক রেট ছিল ২৪২.৮৬।
মাত্র ১৫ বছর বয়সেই বিহারের অনূর্ধ্ব-১৯ নারী দলের নেতৃত্ব দিচ্ছেন অক্ষরা। গত দুই বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চারটি টুর্নামেন্টে খেলে ইতোমধ্যে নজর কেড়েছেন তিনি। এবার ত্রিশতক হাঁকিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেডি বৈভব’ উপাধি পেয়েছেন এই ব্যাটার।
সম্প্রতি আইপিএলে ঝড় তুলে আলোচনায় এসেছিলেন বিহারেরই আরেক তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আসরের সেরা ব্যাটার হয়েছেন, ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড। সেই ধারাবাহিকতায় এবার ১২৬ বলে ৩০৬ রান করে আলোচনায় যোগ দিয়েছেন অক্ষরা গুপ্তা।
আইএইচ
