World Cup Football Field

বিজ্ঞাপন

অল্পের জন্য বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

অল্পের জন্য বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

ইনজুরির কারণে মাঝে প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। সম্প্রতি তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফেরেন বিশ্বকাপে জাতীয় দলের প্রথম ম্যাচে। সেই ম্যাচে স্পেন গোলশূন্য ড্র করে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দের সঙ্গে। এরপর একদিনের বিশ্রাম পেয়ে ইয়ামাল বড় জরিমানা গুনতে যাচ্ছিলেন।

কেপ ভার্দে ম্যাচের পরদিন শিষ্যদের বিশ্রাম দেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফলে ইয়ামাল-পেদ্রিরা বিশ্বকাপের প্রস্তুতির বাইরে দিনটি উপভোগের সুযোগ পান। তবে এই অবকাশই প্রায় জরিমানায় পরিণত হচ্ছিল তরুণ এই ফরোয়ার্ডের জন্য। হোটেলে ফিরতে আর ৫ মিনিট দেরি হলেই তাকে ২ হাজার ইউরো (প্রায় ৩ লাখ টাকা) জরিমানা করা হতো।

স্পেন ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড় যেখানে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাটানুগায় অবস্থিত দলের হোটেলের আশপাশে শপিং সেন্টার ও আউটলেট ঘুরে সময় কাটিয়েছেন, সেখানে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ইয়ামাল তার মা, প্রেমিকা এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রায় ২০০ কিলোমিটার দূরের শহর ন্যাশভিলে ভ্রমণে যান।

ভ্রমণের সময় ইয়ামাল একটি স্থানীয় রেস্তোরাঁয় পারস্য খাবার উপভোগ করেন। তবে ফেরার পথেই বাধে বিপত্তি। হোটেলে ফিরে আসতে তার প্রায় দুই ঘণ্টা সময় লাগে এবং তিনি নির্ধারিত সময়সীমার মাত্র পাঁচ মিনিট আগে হোটেলে পৌঁছান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ডায়ারিও স্পোর্ত’–এর তথ্যমতে, স্থানীয় সময় রাত ৯টায় ডিনারের নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে স্পেন জাতীয় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিধি অনুযায়ী ইয়ামালকে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হতো।

Image

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এই ফরোয়ার্ডকে আগেও ছুটি পেলে ভ্রমণে বেরোতে দেখা যেত। বেশ আমুদে জীবন যাপন তার। বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামাল সীমিত সময় খেলেছেন। মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। একইসঙ্গে কেপ ভার্দের ফুটবলবিশ্বকে চমকে দিয়ে ‍টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের রুখে দেয় গোলশূন্য ড্রতে। আগামী রোববার (২১ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে স্পেন।

এএইচএস