ইবানেজের জায়গায় দানিলো এবং ইগোর থিয়াগোর বদলে ম্যাথিউস কুনহা! হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচের লাইনআপ গোপন রাখলেন কার্লো আনচেলত্তি। কিন্তু ফিলাডেলফিয়ার এই ম্যাচে ‘দুটি বা তিনটি’ পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন কোচ।
পুরো সপ্তাহ জুড়ে ট্রেনিং সেশন শেষে এই ম্যাচের জন্য নিজের চিন্তাভাবনা খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে ভাগাভাগি করেছিলেন আনচেলত্তি। তবে সবচেয়ে বড় প্রশ্ন, মিডফিল্ডে লুকাস পাকেতা নাকি দানিলো সান্তোস শুরু করবেন?
ম্যাচের আগের দিনের এক সাক্ষাৎকারে আনচেলত্তি তার দল নিশ্চিত করতে চাননি। তবে কিছুটা পরিবর্তন আসবে। পাকেতার সম্পর্কে জানতে চাইলে তার কথা, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না (তার শুরু করা নিয়ে)। পাকেতার মেধা আছে। সে খেলা নিয়ন্ত্রণ করে। (মরক্কোর বিপক্ষে) প্রথমার্ধে তেমন কিছু ছিল না। কিন্তু তাকে অন্য সুযোগ দিতে হবে আমাদের। প্রথমার্ধে যারা ভালো খেলেনি, তাদের একজন পাকেতা। কিন্তু সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের এটাও বিবেচনা করতে হবে যে প্রথমার্ধে কেউেই তাদের সেরা পর্যায়ে ছিল না।’
নিউ জার্সিতে বেশিরভাগ সময় ৪-২-৪ ফরমেশনে খেলেছে ব্রাজিল। তবে ৪-৩-৪ ফরমেশনে খেললে তারা মাঝমাঠে আরও উজ্জীবিত পারফরম্যান্স করবে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ভিনিসিয়ুস জুনিয়র বাঁ দিকে আরও বেশি জায়গা নিয়ে খেলতে পারবেন, আর রাফিনহা ডানদিকে। কুনহা আক্রমণে সেন্ট্রাল ফরোয়ার্ডের কাজ করবেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস ও লুকাস পাকেতা (দানিলো সান্তোস); রাফিনহা, কুনহা ও ভিনিসিয়ুস।
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ ছিল: আলিসন; রজার ইবানেজ, মারকুইনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস; রাফিনহা, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; ইগোর থিয়াগো।
এফএইচএম

