অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ ব্যাটাররা ভালো শুরু পেলেও নিচের দিকে কেউ রান করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। এই হারের ফলে সিরিজও খুইয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং নিয়ে কথা বলেন পারভেজ হোসেন ইমন। তার মতে, এমন লক্ষ্য তাড়া করতে হলে অন্তত একজন ব্যাটারের বড় ইনিংস খেলা প্রয়োজন ছিল।
ইমন বলেন, ‘এরকম রান তাড়া করতে হলে আসলে বড় স্কোর দরকার পড়ে। আমরা আসলে সবাই ৩০-৪০ এ আউট হয়েছি। ওখানে ৩০-৪০ রানটা যদি আমরা বড় রান করতে পারতাম যেকোনো একজন, তাহলে খেলাটা সহজ হয়ে যেত।’
এ সময় সাকলাইন সজীবকেও নিয়ে কথা বলেন ইমন। ঘরোয়া ক্রিকেটে সাকলাইনের পারফরম্যান্সের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে তো সাকলাইন মাশাআল্লাহ ভালো ব্যাটিং করে। ওইখান থেকে হয়তোবা এরকম আশা আমাদের সবার মধ্যে আছে যে সাকলাইন আসলে বড় বড় ছয় মারবে। আশা করি ইনশাআল্লাহ ও পরের ম্যাচগুলোতে নিজেকে এই জায়গায় ভালোভাবে কাজে লাগাবে।’
তবে মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাকলাইনের ওপর এখনই অতিরিক্ত প্রত্যাশার চাপ না দেওয়ার পরামর্শও দিয়েছেন ইমন। তিনি বলেন, ‘সাকলাইনের ওপরে প্রত্যাশা আছে, কিন্তু সে মাত্র দুইটা আন্তর্জাতিক ম্যাচ খেলছে। তাই খুব বেশি প্রত্যাশা না করাই ভালো।’
এইচজেএস
