ফিলাডেলফিয়ায় চলমান ফুটবল বিশ্বকাপে হাইতির মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের সমর্থকেরা বিখ্যাত ‘রকি’ মূর্তির সাথে ছবি তুললেও মূর্তিকে তাদের দলের জার্সি বা কোনো পোশাক পরানো থেকে সম্পূর্ণ বিরত থেকেছেন।
ফিলাডেলফিয়ার ক্রীড়াঙ্গনে একটি প্রচলিত লোকবিশ্বাস রয়েছে যে, সফরকারী বা প্রতিপক্ষ কোনো দলের সমর্থকেরা যদি এই ব্রোঞ্জের রকি মূর্তিকে তাদের দলের জার্সি, স্কার্ফ বা টুপি পরায়, তবে সেই দল ফিলাডেলফিয়ার মাঠে হেরে যায়।
সম্প্রতি ইকুয়েডরের সমর্থকেরা এই মূর্তিকে তাদের দেশের জার্সি ও পতাকা দিয়ে সাজিয়েছিল। এর পরেই বিশ্বকাপে নিজেদের ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরে যায় ইকুয়েডর।
ইকুয়েডরের এই হারের পর ব্রাজিলের একটি জনপ্রিয় ফ্যান গ্রুপ গ্রিন অ্যান্ড ইয়েলো মুভমেন্ট এবং স্থানীয় পর্যটন সংস্থা সোশ্যাল মিডিয়ায় কঠোর সতর্কতা জারি করে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়—রকি মূর্তিকে যেন কোনোভাবেই ব্রাজিলের জার্সি না পরানো হয়।
এই সতর্কবার্তা মেনে শত শত ব্রাজিলিয়ান সমর্থক মূর্তির সামনে গিয়ে শুধু হাত উঁচিয়ে ছবি তুলেছেন, কিন্তু মূর্তির গায়ে কোনো কাপড় ছোঁয়াননি। এমনকি মূর্তিটিকে সুরক্ষিত রাখতে চারপাশে বিশেষ নিরাপত্তাও দেওয়া হয়েছিল, যাতে দলের ওপর কোনো ‘অভিশাপ’ না নেমে আসে।
এফএইচএম

