লিওনেল মেসির প্রতি লামিন ইয়ামালের শ্রদ্ধা কোনো মাপকাঠি দিয়ে পরিমাপ করা যাবে না। আর্জেন্টাইন ফরোয়ার্ড তার ‘গডফাদার’। মাঝেমধ্যে মেসির সঙ্গে তুলনা চলে এলেই বিষয়টা এড়িয়ে যান। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক হ্যাটট্রিক করার পর আবারও তাকে নিয়ে প্রশ্ন শুনতে হলো। সর্বকালের সেরা কে, এনিয়ে প্রশ্নের ইতিও টেনে দিলেন স্পেনের তারকা।
প্রথম ম্যাচে মেসির মনোমুগ্ধকর পারফরম্যান্স নিয়ে নিজের ভাবনা জানালেন ইয়ামাল, ‘মেসি প্রতি ম্যাচেই প্রমাণ করেন যে তিনি সর্বকালের সেরা। যদি কেউ এখনও তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, তার মানে সে স্রেফ খুঁত খুঁজতে সেটা করছে। আর বেশি কিছু বলার নেই। নেইমার আমার আইডল, কিন্তু মেসি সর্বকালের সেরা।’
বিশ্বকাপে মেসির দলের সঙ্গে সম্ভাব্য ম্যাচ প্রসঙ্গে তিনি বললেন, ‘দিন শেষে আপনি যদি বিশ্বকাপ জিততে চান, তাহলে সেরা প্রতিপক্ষদেরও হারাতে হবে। গ্রুপ পর্বে হচ্ছে না, হয়তো ফাইনালে দেখা হতে পারে তাদের সঙ্গে। আমরা স্পেন এবং শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা নিজেদের পরীক্ষা করতে চাই।’
কেপ ভার্দের সঙ্গে ড্র হওয়া ম্যাচে ইয়ামাল বদলি নেমেছিলেন। সৌদি আরবের বিপক্ষে তাকে শুরুর একাদশে যাওয়ার সম্ভাবনা আছে। এনিয়ে তিনি বললেন, ‘আমি যদি শুরু থেকেও থাকি, তাহলে হয়তো পুরো ৯০ মিনিট খেলব না। এসব নিয়ে কথা বলা তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখনও মানিয়ে নিচ্ছি এবং পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত নই। তবে কোচের প্রয়োজন অনুযায়ী আমি মাঠে নামতে পারি।’
এফএইচএম
