মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। গত ম্যাচের পরই শুরুর একাদশে পরিবর্তনের আভাস মিলছিল। বিশেষ করে রজার ইবানেজ ও ইগর থিয়াগোর পারফরম্যান্স নিয়ে তুমুল সমালোচনা হচ্ছিল।
মরক্কোর বিপক্ষে বাজে পারফরম্যান্স করা ইবানেজ ও থিয়াগো আজকের (শনিবার) একাদশে নেই। তাদের জায়গায় যথাক্রমে দানিলো এবং ম্যাথিউস কুনহাকে নিয়ে দল সাজানো হয়েছে। মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তারা। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল-হাইতির ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।
— brasil (@CBF_Futebol) June 19, 2026
অবশ্য গত ম্যাচে ক্যাসেমিরো ও লুকাস পাকেতার পারফরম্যান্সও ব্যাপক সমালোচিত হয়েছিল। ফলে মরক্কোর বিপক্ষে মিডফিল্ডে সেভাবে নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি ব্রাজিল। উল্টো মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির চ্যালেঞ্জের কাছে তাদের হার মানতে হয়েছে। তবে হাইতির বিপক্ষে অভিজ্ঞ দুই তারকাকে রেখেছেন আনচেলত্তি। তরুণ স্ট্রাইকার এন্ড্রিককে নিয়ে বেশ আলোচনা চললেও, তার নাম নেই শুরুর একাদশে।
এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে ব্রাজিল ও হাইতির। তিনটিতেই জিতেছে ব্রাজিল। শুধু জয়ই নয়, গোলবন্যাও বইয়ে দিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে ব্রাজিল করেছে ১৭ গোল, বিপরীতে গোল হজম করতে হয়েছে মাত্র ১টি। দুই দলের প্রথম দেখা ১৯৭৪ সালে একটি প্রীতি ম্যাচে। সেবার ৪–০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৪ সালে আরেক প্রীতি ম্যাচে হাইতিকে ৬–০ ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সবচেয়ে স্মরণীয় ম্যাচটি হয় ২০১৬ কোপা আমেরিকায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে হাইতির জালে ৭ গোল দেয় ব্রাজিল। ম্যাচটি শেষ হয় ৭–১ ব্যবধানে। সেদিন হ্যাটট্রিক করেছিলেন ফিলিপে কৌতিনিয়ো। গোল করেছিলেন রেনাতো অগুস্তো, গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমারাও।
হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
এএইচএস

