জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে লাল বলের সিরিজ খেলছে বাংলাদেশ ইমার্জিং দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন খেলা মাঠে গড়ায়নি বৃষ্টিতে। এরপর গতকাল মাত্র ২ বল মাঠে গড়াতেই আবারও হানা দেয় বেরসিক বৃষ্টি। আজ শনিবার অবশ্য কোনো বাধা ছাড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে এগিয়ে আছে বাংলাদেশ।
সিলেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আগেই বিদায় নেন ওপেনার জাকির হাসান। ২২ বলে ৩ রান করেন এই ওপেনার। এরপর দলের হাল ধরেন মাহফিজুল ইসলাম রবিন এবং অমিত হাসান। দুজনেই তুলে নেন অর্ধশতক।
পরে ব্যক্তিগত ৭৭ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রবিন। তখনো ব্যাট করছিলেন জাতীয় দলে ডাক পাওয়া অমিত। অন্যপ্রান্তে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। শেষপর্যন্ত ২০৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অঙ্কন ২১ রানে এবং অমিত ৯০ রানে অপরাজিত ছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে ‘এ’ দল। দুই ওপেনার তারসাই মুসাকান্দা এবং তানোয়ারা মুকান্দা বড় রানের পথে হাঁটেন। দিন শেষে ৯৪ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ১১১ রানে পিছিয়ে থেকে কাল আবার ব্যাট করবে জিম্বাবুয়ে।
এসএইচ/আইএইচ
