World Cup Football Field

বিজ্ঞাপন

রেকর্ডের পর রেকর্ড মরক্কোর, ৭১ সেকেন্ডেই ইতিহাস সাইবারির

রেকর্ডের পর রেকর্ড মরক্কোর, ৭১ সেকেন্ডেই ইতিহাস সাইবারির

কয়েক বছর আগেও বিশ্বকাপের মঞ্চে আফ্রিকার দলগুলোর সাফল্য বলতে বিচ্ছিন্ন কিছু স্মরণীয় মুহূর্তের কথা মনে পড়ত। এখন সেই চিত্র বদলে গেছে। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া মরক্কো এবারও দেখিয়ে যাচ্ছে, তাদের সাফল্য কোনো আকস্মিক ঘটনা ছিল না।

ব্রাজিলের সঙ্গে ড্রয়ের পর স্কটল্যান্ডকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছে মরক্কো। বিশ্বকাপের গ্রুপ পর্বে আফ্রিকার দেশগুলোর মধ্যে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি এখন তাদের দখলে। স্কটল্যান্ডের বিপক্ষে জয়টি শুধু তিন পয়েন্টের নয়, রেকর্ডের বইয়ে নতুন কয়েকটি অধ্যায়ও লিখেছে মরক্কো।

ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল প্রায় পুরোপুরি মরক্কোর দখলে। তারা মোট ৬০১টি পাস সম্পন্ন করেছে, যা ১৯৬৬ সালে পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর বিশ্বকাপে কোনো আফ্রিকান দলের সর্বোচ্চ পাসের রেকর্ড।

ম্যাচের শুরুতেই ইতিহাস গড়েন ইসমায়েল সাইবারি। ৭১তম সেকেন্ডে গোল করে তিনি বিশ্বকাপে আফ্রিকান ফুটবলারের দ্বিতীয় দ্রুততম গোলের মালিক হন। এর আগে ২০০৬ বিশ্বকাপে ঘানার আসমোয়া জিয়ান ১ মিনিট ৮ সেকেন্ডে গোল করে এই রেকর্ড গড়েছিলেন।

সাইবারির গোলটি আরেকটি কারণেও বিশেষ। বিশ্বকাপে ১-০ ব্যবধানে জেতা কোনো ম্যাচে মরক্কোর পক্ষে এটিই সবচেয়ে দ্রুততম গোল। ব্যক্তিগত অর্জনের তালিকাও দীর্ঘ করেছেন মরক্কোর এই মিডফিল্ডার। মিশরের মোহামেদ সালাহর পর আফ্রিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর রেকর্ডও ঈর্ষণীয়। বিশ্বকাপে স্কটিশদের মুখোমুখি হয়ে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে উত্তর আফ্রিকার দেশটি। এর আগে ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

তবে সবচেয়ে বড় অর্জন এসেছে ধারাবাহিকতার বিচারে। বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন মরক্কোর। এই সময়ে তারা জিতেছে তিনটি ম্যাচ, ড্র করেছে তিনটি। এর আগে আফ্রিকান দেশ হিসেবে টানা ৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ক্যামেরুন (১৯৮২-১৯৯০) এবং সেনেগালের (২০০২-২০১৮)।

অন্যদিকে ম্যাচটি স্কটল্যান্ডের জন্য ছিল হতাশার। পুরো ম্যাচে একবারও লক্ষ্যে শট রাখতে পারেনি তারা। বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বার, যখন কোনো ম্যাচে স্কটল্যান্ডের একটি শটও গোলমুখে যায়নি। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষেও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল তারা।

এইচজেএস