World Cup Football Field

বিজ্ঞাপন

চোটে পড়া রাফিনহাতেই আস্থা ব্রাজিলের

চোটে পড়া রাফিনহাতেই আস্থা ব্রাজিলের

হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয় পেলেও বড় ধরনের ধাক্কা খেয়েছে ব্রাজিল শিবির। ম্যাচের প্রথমার্ধেই উরুর চোটে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা। তবে এই তারকা উইঙ্গারকে নিয়ে আশাবাদী সেলেসাওরা। টুর্নামেন্টের মাঝপথে সুস্থ হয়ে দলের সঙ্গে থেকে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে অবদান রাখতে পারবেন বলে আশা করছে ব্রাজিল ফুটবল দলের।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে যে, ২৯ বছর বয়সী এই উইঙ্গার পেশির চোটে ভুগছেন। তবে তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। তবে রাফিনহার চোটের পরিস্থিতি নিয়ে দল ইতিবাচক মনোভাব পোষণ করছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, শনিবার রাফিনহার একটি ইমেজিং পরীক্ষা করা হয়েছে, যা তার ডান উরুর পেছনের অংশে (হ্যামস্ট্রিং) পেশির চোট নিশ্চিত করেছে। খেলোয়াড়টির দ্রুত সুস্থতা ও মাঠে ফেরা নিশ্চিত করতে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাকে একটি নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

রাফিনহার জন্য এই হ্যামস্ট্রিং চোট নতুন কিছু নয়, গত এক বছরে এটি তার চতুর্থবারের মতো একই জায়গায় চোটের ঘটনা। এই চোটপ্রবণতার কারণে গত মৌসুমে বার্সেলোনার হয়ে ২৩টি ম্যাচ মিস করেছিলেন তিনি। এর আগে গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচেও একই ধরনের চোটে পড়ে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে।

দলের এই গুরুত্বপূর্ণ সদস্যের চোটে সতীর্থরা তার পাশে দাঁড়িয়েছেন। মিডফিল্ডার লুকাস পাকেতা গণমাধ্যমের সামনে বলেন, ‘সে কিছুটা হতাশ হয়ে পড়েছে। আমরা আশা করছি চোটটি খুব বেশি গুরুতর নয়। রাফিনহা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমরা দলের সবাই তার ওপর অনেকখানি নির্ভরশীল।’

এমএমএম/