অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই চট্টগ্রামে সিরিজ হেরেছে টাইগাররা। আজ শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশ হবে লাল-সবুজের দল। ফলে হোয়াইটওয়াশ এড়াতে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে বাজে পারফর্ম করা সাকলাইনকে ছাড়াই হতে যাচ্ছে শেষ ম্যাচের একাদশ। এছাড়া একাদশ থেকে বাদ পড়তে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে ৪ ওভারে ৪৬ রান খরচ করেছেন এই বোলার। তবে উভয় ম্যাচে খারাপ পারফর্ম করেও একাদশে টিকে যাচ্ছেন শামীম পাটোয়ারী।
ব্যাটিং ইউনিটটা এমন হতে পারে—ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম, সাইফ হাসানদের সাথে তিনে সৌম্য সরকার। মিডলঅর্ডারে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। লোয়ারঅর্ডারে থাকছেন শেখ মেহেদী ও নাসুম আহমেদ।
টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন তিনি। এছাড় বোলিং ইউনিটের অবধারিত নাম মোস্তাফিজের সঙ্গে থাকতে পারেন নাহিদ রানা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
এসএইচ/আইএইচ
