অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ দিয়ে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছে আব্দুল গাফফার সাকলাইনের। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ হওয়া এই পেস বোলিং অলরাউন্ডার আজ শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন।
সাকলাইনের বাদ পড়া নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বললেন, 'সাকলাইনকে আমরা চোখের আড়াল করিনি। এখানে পাঁচজন পেসার আছে। আমরা সবাইকে দুটি করে ম্যাচ খেলার সুযোগ দিতে চেয়েছি। সাকলাইনের গত ম্যাচ ভালো যায়নি। তবে ওকে আমরা ভবিষ্যতের জন্য ভাবছি। দুটি ম্যাচ দিয়েই শেষ হবে না। ওকে নিয়মিত খেলাতে চাই। প্রতিটি সিরিজে ওকে যত বেশি সুযোগ দেওয়া যায়। তাতে সেও শিখতে থাকবে। ২০২৮ বিশ্বকাপ মাথায় রেখেই আমরা প্রস্তুত হচ্ছি।'
'প্রতি সিরিজে আমাদের লক্ষ্য সিরিজ জেতা। তবে দল গড়ে তোলার দিকেও মনোযোগ রাখতে হবে। আমরা জানি তাসকিন, মুস্তাফিজ, রানারা কী করতে পারে। সাকলাইনকে নিয়েছি কারণ আমরা এমন একজন পেসার চাচ্ছিলাম যে ব্যাট করতে পারে। সাকলাইন-সাইফউদ্দিন দুজনই তা পারে। সাকিবও ভাবনায় আছে তবে এখন চোটের জন্য বাইরে। আমরা জয়ের জন্যই খেলি। তবে মূল খেলোয়াড়রা চোটে পড়লে কী হবে? আপনাকে ব্যাকআপ তৈরি রাখতে হবে।'-যোগ করেন তিনি।
মুস্তাফিজকে কেন শেষ ম্যাচে একাদশে রাখা হলো না? এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, 'মুস্তাফিজও সে কারণে নেই, যে কারণে সাকলাইন নেই। আমরা সবাইকে দুটি করে ম্যাচ দিতে চেয়েছি।'
এসএইচ/এইচজেএস
