World Cup Football Field

বিজ্ঞাপন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল, ২৪ মিনিটে ৩ গোল স্পেনের

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল, ২৪ মিনিটে ৩ গোল স্পেনের

বিশ্বকাপে নিজের প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়ে ফেললেন লামিনে ইয়ামাল। মাত্র ১০ মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নাম লেখালেন বিশ্বকাপের রেকর্ড বইয়ে। ১৮ বছর বয়সী এই বিস্ময়বালক প্রমাণ করলেন, তাকে ঘিরে ফুটবল বিশ্বের উন্মাদনা মোটেও অমূলক নয়।

আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই স্পেনের আক্রমণের ঝড়। সেই ঝড়ের প্রথম আঘাতটি হানেন ইয়ামাল। বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পাওয়ার পাশাপাশি স্পেনকে এনে দেন কাঙ্ক্ষিত লিড।

এই গোলের মাধ্যমে স্প্যানিশ ফুটবলের নতুন রাজপুত্র ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি পেলেকেও। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের করা ম্যাচের প্রথম গোলের রেকর্ড এত দিন ছিল শুধু পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান মহাতারকা। দীর্ঘ ৬৮ বছর পর সেই অনন্য তালিকায় নিজের নাম যোগ করলেন ইয়ামাল।

ইয়ামালের গোলের পর আরও ভয়ংকর হয়ে ওঠে স্পেন। বলের দখল, আক্রমণের গতি আর পাসিং ফুটবলে সৌদি আরবকে প্রায় অসহায় বানিয়ে ফেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় গোলটি আসে একটি কর্নার থেকে। বক্সের ভেতর তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে দানি ওলমো চমৎকার এক ফ্লিকে বল বাড়িয়ে দেন সামনে। সৌদি রক্ষণভাগ বল পরিষ্কার করতে ব্যর্থ হলে এমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করেন। আর একদম ফাঁকায় থাকা মিকেল ওয়ারসাবাল ঠান্ডা মাথায় ডান কোণ দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

তবে সেখানেই থামেনি স্পেন। কিছুক্ষণ পরই আসে তৃতীয় গোল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। এরপর দানি ওলমোর হেড পেয়ে সামনে এগিয়ে যান ওয়ারসাবাল। সুযোগ পেয়ে এবারও ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড। নিখুঁত শটে বল জালে জড়িয়ে অল্প সময়ের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।

ওয়ারসাবালের জোড়া গোল আর ইয়ামালের ইতিহাসগড়া মুহূর্তে ২৪ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে স্পেন। সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিয়ে নেয় ‘লা রোজা’। বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এমন দাপুটে ফুটবল দেখে মনে হচ্ছিল, প্রতিপক্ষের জন্য এটি যেন এক দীর্ঘ ও কঠিন রাত হতে চলেছে।

এইচজেএস