World Cup Football Field

বিজ্ঞাপন

ইউএস ওপেন কোর্ট এখন বিশ্বকাপের ফ্যান জোন

ইউএস ওপেন কোর্ট এখন বিশ্বকাপের ফ্যান জোন

বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। সেরেনা-ভেনাসের সাফল্যমন্ডিত ইউএস ওপেন ভেন্যু এখন পুরোটাই ফুটবল আবহ। নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ টিকিট সোনার হরিণ। সাধ থাকলেও সাধ্য নাই অধিকাংশের। তাদের জন্য ইউএস ওপেনের গ্যালারির স্ক্রিনই যেন স্টেডিয়ামের স্বাদ। 

ইউএস কমপ্লেক্স বেশ বড়। বেশ কয়েকটি বড় বড় ভবন রয়েছে। একেকটি বিশ্বকাপের একেক কাজে ব্যবহৃত। কোনটি বিশ্বকাপের কোনো কোম্পানির ব্র্যান্ডিং, আবার কোনোটি সমর্থকদের ফান গেমের জন্য। ক্লাব হাউজের মূল কমপ্লেক্সেই ফুটবল ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছে। 

নিউইয়র্কে ম্যানহাটন, ব্রুকলিন, ব্রোনস, স্টাটেন আইসল্যান্ড ও ইউএস ওপেন এই পাঁচটি ফ্যান জোন। এর মধ্যে ইউএস ওপেনের ভেন্যুটিই সবচেয়ে বড় এবং উৎসবমুখর। ইউএসএ সময় দুপুর ১২ টা থেকে খেলা শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলে। তাই সকাল থেকেই সমর্থকদের আসা-যাওয়া চলতে থাকে।

গ্যালারির উপরের দিকে ড্রিংকস ও খাবারের ব্যবস্থা রয়েছে। যদিও দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশিই। কোমল জাতীয় পানিয় পান করতে হলেও ১০ ডলারের কাছাকাছি ব্যয় হবে। আমেরিকায় বিশ্বকাপের প্রায় সবকিছুই বেশ ব্যয়বহুল।

প্রতিদিন চার ম্যাচে কমপক্ষে অর্ধলক্ষ মানুষের আগমন। ভেন্যু ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন দুই শতাধিক স্বেচ্ছাসেবী। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৮ জন। যারা শিফটি ভিত্তিক দায়িত্ব পালন করেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে বিশ্বকাপে এভাবে সম্পৃক্ত থাকতে পারে বেশ খুশি বাংলাদেশি ভলান্টিয়ার চৈতী।

বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা নিয়ে তিনি বলেন, ‘আমি নিউইয়র্কে পড়াশোনা করি। এখানে নিজেও খেলা দেখছি, আবার যারা আসছে তাদের খেলা দেখতে সহায়তা করছি। ভিন্ন এই অভিজ্ঞতা ভালোই লাগছে। ’

ফ্ল্যাশিং মিডো সারা বিশ্বজুড়ে পরিচিত ইউএস ওপেনের জন্য। বিখ্যাত টেনিস কোর্টে এক মাসের বেশি সময় চলছে ফুটবলের আবহ। টেনিসের কিছু ছবি ও চিহ্ন থাকলেও ব্র্যান্ডিংসহ সকল কিছুই এখন ফুটবলের অধীনে। টেনিস কোর্টে ফুটবলে স্বাদ নেয়ার জন্যও সমর্থকদের ঝক্কি পোহাতে হয়। ফ্ল্যাশিং মিডোতে আলাদাভাবে নিবন্ধন করতে হয়। 

নিবন্ধন করতে পয়সা না লাগলেও আসন সংখ্যা সীমিত। অনেকটা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। যাদের কাড়ি কাড়ি অর্থ ব্যয়ের সামর্থ্য নেই, আবার অনেকের অর্থ ব্যয়ের সামর্থ্য থাকলেও নিউজার্সির টিকিট জোগাড় করতে পারেননি তাদের অনেকেই টেনিসের ঐতিহাসিক ভেন্যুতে বসে ফুটবলের উল্লাসে মাতেন।

এজেড/আইএইচ