ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ধাপের খেলা চলছে। এরই মধ্যে নকআউট পর্বের টিকিট কেটেছে তিনটি দল। এ ছাড়া ছিটকে গেছে তিনটি দল। আগামী কয়েক দিনের মধ্যে আরও স্পষ্ট হবে দ্বিতীয় রাউন্ডের চূড়ান্ত লাইন-আপ।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর সর্বশেষ নকআউট পর্বের টিকিট কেটেছে জার্মানি। গ্রুপ ‘ই’-তে আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করে জার্মানরা।
এর আগে গ্রুপ ‘এ’ থেকে নকআউট নিশ্চিত করেছিল সহ-আয়োজক মেক্সিকো। গ্রুপ ‘ডি’ থেকে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রও। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। বাকি দলগুলোর ভাগ্যও আগামী কয়েক দিনের মধ্যে নির্ধারণ হয়ে যাবে।
এদিকে, চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে ছিটকে গেছে হাইতি। এ ছাড়া এখন পর্যন্ত বাদ পড়েছে আরও দুই দল-তুরস্ক ও তিউনিসিয়া।

৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে চলে যাবে। ১২টি গ্রুপ থেকে মোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। এ ছাড়া ছয় গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
প্রসঙ্গত, আগামী ২৭ জুন শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ২৯ জুন থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো।
নকআউট পর্ব নিশ্চিত করা তিন দল
মেক্সিকো (গ্রুপ-এ)
যুক্তরাষ্ট্র (গ্রুপ-ডি)
জার্মানি (গ্রুপ-ই)
বিদায় নিশ্চিত যাদের
হাইতি (গ্রুপ সি)
তুরস্ক (গ্রুপ ডি)
তিউনিসিয়া (গ্রুপ এফ)
এফআই/

