অস্ট্রিয়ার প্রতিটি আক্রমণ শেষ হয় আর নিউইয়র্কে ফ্যান জোনে সমর্থকরা হাফ ছেড়ে বাঁচে। ফুটবলে এক গোলের ভরসা নেই, তাই আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে হাঁসফাস। খেলার শেষ বাঁশি রেফারি কখন বাজাবেন, সেই ক্ষণ গণনার মধ্যেই ইনজুরি সময়ে মেসির আরেকটা দুর্দান্ত গোল। জয় নিশ্চিতে যেন ফেটে পড়ে ভক্তদের এই অঞ্চল।
নিউইয়র্কে থাকা আর্জেন্টিনার ফুটবল সমর্থক এনজো বলেন, 'মেসি অবিশ্বাস্য। দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। দুই ম্যাচে আর্জেন্টিনা পাঁচ গোল করেছে, পাঁচটি গোলই তার। এই বয়সে এই পারফরম্যান্স অসাধারণ।'
নিউইয়র্কে থাকেন বাংলাদেশি প্রবাসী মেহেদী। আর্জেন্টিনার এই কট্টর সমর্থক বলেন, 'পেনাল্টি মিস না হলে আজও হ্যাটট্রিক হতো। মেসির খেলা আর্জেন্টিনাকে আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে।'
এল সালভেদরের এক দম্পতি ইউএস ওপেনের ফ্যান জোনে খেলা দেখেছেন। তারা মেসির অসাধারণ পারফরম্যান্স নিয়ে বলেন, 'মেসির পক্ষেই কেবল এটা সম্ভব। কিছু দিন আগে রোনালদো মেসিকে সর্বকালের সেরা বলেছে। এটা ধ্রুব সত্যি।'
২০২৬ সালে বিশ্বকাপে আমেরিকায় ৭৮ ম্যাচ। নিউইয়র্কে ১৯ জুলাই ফাইনাল। আর্জেন্টিনা ফাইনালে না উঠলে এখানে আসার সম্ভাবনা নেই। তাই নিউইয়র্কে আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা তাদের শহরে আর্জেন্টিনা আরেকবার ট্রফি উঁচিয়ে ধরুক।
এজেড/এফএইচএম

