ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ আগেই বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সম্ভাব্য ছয় পয়েন্টের মধ্যে ৬ পয়েন্টই পেয়েছে আলবিসেলেস্তেরা, গোল ব্যবধান +৫। লিওনেল স্কালোনির দলের এখন কড়া নজর থাকবে জর্ডান ও আলজেরিয়ার ম্যাচের দিকে।
আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় সান ফ্রান্সিসকোতে মুখোমুখি হবে জর্ডান ও আলজেরিয়া। ইতোমধ্যে নকআউট নিশ্চিত করার পরও এই ম্যাচে বিশেষ কারণে চোখ থাকবে বিশ্ব চ্যাম্পিয়নদের। কারণ, তারা এক ম্যাচ হাতে রেখেই ‘জে’ গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করতে পারবে।

জর্ডান ও আলজেরিয়া ম্যাচের দুই ধরনের ফল গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করবে। আলজেরিয়া ও জর্ডানের ম্যাচটি ড্র হতে হবে কিংবা জর্ডানের বিপক্ষে আলজেরিয়াকে জিততে হবে।
তবে জর্ডান যদি আলজেরিয়াকে হারায় তাহলে গ্রুপের এক নম্বর নিশ্চিত করতে হলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর্জেন্টিনাকে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শীর্ষস্থান হারানোর ঝুঁকিও আছে। সেক্ষেত্রে শুধু জর্ডানকে আজ জিতলেই চলবে না, শেষ ম্যাচেও আর্জেন্টিনাকে হারাতে হবে এবং গোলব্যবধানটাও কিন্তু বাড়াতে হবে। সেক্ষেত্রে মেসিরা গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ৩২ এ খেলতে পারে।
এফএইচএম

