World Cup Football Field

বিজ্ঞাপন

‘মেসির যতই প্রশংসা করি, তা যথেষ্ট হবে কি না জানি না’

‘মেসির যতই প্রশংসা করি, তা যথেষ্ট হবে কি না জানি না’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক। অস্ট্রিয়ার জালে দুই গোল। গত বিশ্বকাপে সাত গোল করা মেসি এবার দুই ম্যাচেই পাঁচবার জাল কাঁপালেন। আর্জেন্টিনার জার্সিতে আর কেউ গোল পাননি। পুরো দল যেন মেসিকে কেন্দ্র করেই খেলছে। ম্যাচ শেষে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে প্রশংসা করার মতো ভাষা যেন খুঁজে পেলেন না কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিশ্বজয়ী কোচ বলেন, ‘লিও যখন ছন্দে থাকে, তখন সবাই ছন্দে ফেরে। এটা দলের কৃতিত্ব। দল যখন কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, তখনও সে কঠোর পরিশ্রম করেছে। গোলের জন্য বল কেড়ে নিয়েছে, সে ছিল নিবেদিতপ্রাণ। সে এমনই কিছু করে দেখায়, যা সত্যিই প্রশংসার যোগ্য। আমি আর কী বলব জানি না এবং এটাও যথেষ্ট হবে কিনা জানি না।’

ম্যাচটা কঠিন ছিল বললেন স্কালোনি, ‘এটি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের মতোই ছিল। উচ্চমানের খেলোয়াড়দের নিয়ে গড়া প্রতিপক্ষ, যারা ম্যাচ কঠিন করে তোলে এবং যাদের শারীরিক সক্ষমতা বেশ ভালো। কিছু বিষয়ে সংশোধন করার আছে, তবে জয় সবকিছু সহজ করে দেয়।’

কোচ আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত যে, প্রতিপক্ষ যখন আমাদের জন্য পরিস্থিতি কঠিন করার চেষ্টা করেছিল, তখন তাদের সেই আধিপত্য গোলমুখে শটে পরিণত হতে পেরেছিল কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।’

অস্ট্রিয়ানদের আধিপত্য নিয়ে তার মন্তব্য, ‘আজ কিছু কিছু সময়ে তারা আমাদের কোনো কঠিন পরিস্থিতিতে না ফেলা সত্ত্বেও আমরা ভুগেছি।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘মানুষ এই দলটিকে দেখতে, দল কীভাবে লড়াই করে ও খেলা উপভোগ করে তা দেখতে উন্মুখ হয়ে থাকে।’ নকআউটে ওঠার আনন্দ নিয়ে তিনি বলেন, ‘আমরা খুশি। মনে হচ্ছিল কাজটা সহজ হতে যাচ্ছে, কিন্তু আসলে তা ছিল না; আপনারা দুটি ম্যাচই দেখেছেন।’

২০২২ সালের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা আবারও শিরোপার অন্যতম দাবিদার। যদিও কোচ এখনই খুব বেশি তাড়াহুড়ো করতে কিছু বলতে চান না। তিনি বলেন, ‘অনেক দল আছে যারা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে এবং তারা সমানভাবে লড়াই করবে। বড় দলগুলোর মধ্যে কেউ কেউ জিতবে, আমরাও লড়াইয়ে থাকব, তবে সবার জন্যই কাজটা বেশ কঠিন হতে যাচ্ছে।’

এফএইচএম