৩৮ বছর বয়সেও লিওনেল মেসি ইতিহাস গড়েই চলেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-০ গোলের নকআউটে তোলা জয়ে জোড়া গোল করেছেন তিনি। বিশ্বকাপে ২৮তম ম্যাচে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল এবং ইতিহাস গড়া ১৮ গোলের পর মেসি ‘বাকরুদ্ধ’ করে দিয়েছেন বিশ্ব গণমাধ্যমকে।
স্পেনের এএস লিখেছে, ‘কিংবদন্তিদের মাঝে এক সেরা কিংবদন্তি।’ তাদের আরও কথা, ‘বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এককথায় ঐতিহাসিক।’

দেশটির আরেক শীর্ষস্থানীয় গণমাধ্যম মার্কা লিখেছে, ‘সবচেয়ে ঐতিহাসিক মেসি: তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের একমাত্র সর্বোচ্চ গোলদাতা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে লিও বিশ্বকে স্তব্ধ করে চলেছেন।’ তারা বলছে, ‘এটি অবিশ্বাস্য।’ ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে লিখেছে, ‘স্পেনে ২০৩০ বিশ্বকাপেও লিওকে নিয়ে স্বপ্ন দেখি চলুন।’

ফ্রান্সের প্রভাবশালী ক্রীড়া দৈনিক লেকিপ মেসির ‘চিরযৌবন’ তুলে ধরে তাকে এমন একজন খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছে ‘যিনি সময় এবং ফুটবলের সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছেন।’ তাদের শিরোনাম: ‘ঐতিহাসিক মেসি আর্জেন্টিনাকে নকআউটে নিয়ে গেলেন।’ তারা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ‘এক টুর্নামেন্টে জাস্ট ফন্টেইনের ১৩ গোলের রেকর্ড থেকে এখনও অনেক দূরে তিনি।’

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের ল্যান্স-ও প্রশংসায় ভাসিয়েছে ফুটবলের জাদুকরকে, ‘আবারও মেসি। আর্জেন্টিনার এই জাদুকর তার জাদু দেখাতে কখনোই ক্লান্ত হন না এবং ইতিমধ্যেই বিশ্বকাপের কল্পনাতীত সব রেকর্ড ভেঙে ফেলেছেন।’ পত্রিকাটি আরও উল্লেখ করেছে যে, তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাদের আরেক গণমাধ্যম গ্লোবো লিখেছে, ‘মেসি ১৮ বার! তারকা গোলমুখ খুললেন এবং রেকর্ড ভাঙলেন।’
ইতালির লা গাজেত্তা দেললো স্পোর্ত বলেছে, ‘মেসি একজন ভিনগ্রহের বাসিন্দা। ৩৮ বছর বয়সেও তিনি বিশ্ব ফুটবলকে এমনভাবে শাসন করছেন যেন তার বয়স ২৫ বছর। একটি জোড়া গোল, একটি রেকর্ড, আর গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।’

কাতালুনিয়া স্পোর্ত লিখেছে, ‘মেসি প্রত্যেক দিন অবিনশ্বর। আনন্দের অশ্রু বর্ষিত হোক। নিখুঁত সৌন্দর্যের ৩৮ বছর।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-ও সরব, ‘প্রথম গোলে মেসি বিশ্বকাপে গোল করার রেকর্ড ভেঙেছেন।’ ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার গোল অব দ্য সেঞ্চুরির ৪০ বছর পূর্তির কথা মনে করিয়ে ইংল্যান্ড থেকে দ্য সান শিরোনাম করেছে, ‘লিও যুগ’। তারা লিখেছে, ‘আর্জেন্টিনার জয়ে জোড়া গোল করে লিওনেল মেসি বিশ্বকাপে গোলের রেকর্ড ভেঙেছেন।’ পর্তুগিজ সংবাদপত্র এ বোলা দারুণ শিরোনাম করেছে, ‘মেসি নতুন রাজা।’
এফএইচএম

