World Cup Football Field

বিজ্ঞাপন

বজ্রপাতের ঝুঁকিতে ফ্রান্স-ইরাক ম্যাচে ‘দুই ঘণ্টার হাফটাইম’

বজ্রপাতের ঝুঁকিতে ফ্রান্স-ইরাক ম্যাচে ‘দুই ঘণ্টার হাফটাইম’

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ফ্রান্স ও ইরাক ম্যাচে বৃষ্টির দাপট। প্রথমার্ধের শেষ দিকে মেঘ ভেঙে নেমেছিল বৃষ্টি। কিলিয়ান এমবাপের গোলে ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। তারপর বজ্রপাতের ঝুঁকির কারণে দুই ঘণ্টা পর শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। বাংলাদেশ সময় ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় মধ্যরাত ৩টা ৫০ মিনিটে, শুরু হচ্ছে ভোর ৫টা ৫০ মিনিটে।

ফিফা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘স্টেডিয়ামের আশেপাশে বৈরী আবহাওয়া এবং বজ্রপাতের ঝুঁকির কারণে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ফিফা বিশ্বকাপ ম্যাচটি স্থগিত করা হয়েছে।’

তারা আরও বলেছে, ‘৩০ মিনিটের একটি বিরতি ঘোষণা করা হয়েছে, তবে আরও দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তা নির্ধারণ করতে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিফা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করবে এবং ম্যাচটি নিরাপদ হওয়ামাত্রই পুনরায় শুরু হবে।’

সবার নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত, ‘সকল ব্যক্তির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ফিফার অগ্রাধিকার। আমরা সকল সমর্থকদের তাদের বোঝাপড়া এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’

ইরাকের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ স্মরণীয় গোল করেন এমবাপে। ফ্রান্সের হয়ে এদিন বিশ্বকাপে নিজের ১৫তম গোল করলেন তিনি। ১৪ মিনিটে তার একটি শট ক্লিয়ার করতে পারেননি ইরাকের ডিফেন্ডার। বল পান মাইকেল অলিসে। তার ব্যাকপাস থেকে জাল কাঁপান এমবাপে। তাতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে ছুঁলেন তিনি।

এর আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। আজ করলেন আরেকটি গোল। তৃতীয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকলেন তিনি। তার ওই এক গোলেই ইরাকের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে হাফটাইমে যায় ফ্রান্স।

এফএইচএম