কে বলবে বয়সটা ৩৮! এই বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-০ গোলের নকআউটে তোলা জয়ে জোড়া গোল করেছেন তিনি। বিশ্বকাপে ২৮তম ম্যাচে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল এবং ইতিহাস গড়া ১৮ গোলের পর মেসি ‘বাকরুদ্ধ’ করে দিয়েছেন ফুটবল বিশ্বকে।
আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে চারটি বিশ্বকাপ রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি, যেগুলোকে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডবুকও।
— Guinness World Records (@GWR) June 22, 2026
১৮ গোল
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে মেসির বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। একই সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বাধিক ১৭ গোল করা ব্রাজিলিয়ান নারী কিংবদন্তি ফুটবলার মার্তাকেও পেছনে ফেলেছেন।

১৮তম জয়
অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৮তম জয়। এর আগে ১৭ জয় নিয়ে শীর্ষে ছিলেন সেই মিরোস্লাভ ক্লোসা। ২০০৬ থেকে ২০২৬—ছয়টি বিশ্বকাপে মেসি এই নতুন মাইলফলক গড়লেন।
২৮ ম্যাচ
২০০৬ সালে অভিষেকের পর থেকে বিশ্বকাপে মেসির ম্যাচসংখ্যা এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালেই তিনি লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে সেই রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন।

২,৪৮৯ মিনিট
অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট। এর আগে তিনি কাতার ২০২২-এর ফাইনালে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন।
এফআই

