World Cup Football Field

বিজ্ঞাপন

পর্তুগালের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে যেতে চায় উজবেকিস্তান

পর্তুগালের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে যেতে চায় উজবেকিস্তান

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েই নিজেদের শক্তিমত্তার জানান দিতে চায় উজবেকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে আসর শুরু করলেও উত্তর আমেরিকার মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন উজবেক কোচ ফাবিও কানাভারো।

এশিয়ান ফুটবলে দারুণ এক ঐতিহাসিক যাত্রার পর টুর্নামেন্টের চার নবাগত দলের একটি হিসেবে বিশ্বকাপে পা রেখেছে উজবেকিস্তানের একঝাঁক তরুণ তুর্কি। প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারলেও দলটির তারকা ফুটবলার আব্বোসবিক ফায়জুল্লায়েভের পা থেকে আসে বিশ্বকাপে উজবেকিস্তানের ইতিহাসের প্রথম গোল। ঐতিহাসিক সেই গোলটি হার ছাপিয়েও দেশটির লাখো ফুটবলপ্রেমীকে উল্লাসের উপলক্ষ এনে দিয়েছে।

তবে এবারের মিশনটা আরও কঠিন। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস কিংবা রাফায়েল লেয়াওদের মতো তারকাখচিত পর্তুগালের মুখোমুখি হতে যাচ্ছে উজবেকিস্তান। ম্যাচের আগে অবশ্য প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের হারানোর কিছু নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ও বর্তমান উজবেক কোচ কানাভারো।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কানাভারো বলেন, ‘আমি সবসময় যা বলি- আমাদের হারানোর কিছু নেই। পর্তুগাল সবসময় ম্যাচ নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। তারা শুরু থেকেই গতিময় ফুটবল খেলবে এবং আমরা সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি।’

পর্তুগিজদের রুখে দিতে নিজেদের রণকৌশল প্রস্তুত উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘আমাদের নিজস্ব কৌশল আছে। আমি জানি আমরা খুব ভালো একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি। তবে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা দিয়ে একদম শেষ মিনিট পর্যন্ত ম্যাচে টিকে থাকা।’

প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে শিষ্যদের আগ্রাসী ফুটবল খেলার তাগিদ দিয়ে সাবেক এই বিশ্বসেরা ডিফেন্ডার বলেন, ‘আমি ছেলেদের কলম্বিয়া ম্যাচের চেয়েও বেশি লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে বলেছি। তবে মাঠের সব জায়গায় আমাদের শুধু বোকার মতো দৌড়ালে চলবে না, বুদ্ধিমত্তার সাথে লড়তে হবে।’

বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান উজবেকিস্তানের। এক ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি তারা। তাদের ঠিক উপরে অবস্থান পর্তুগালের। তাদের সংগ্রহ ১ পয়েন্ট। এদিকে সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়ার। আর দুই নম্বরে রয়েছে কঙ্গো।

এমএমএম/