বিজ্ঞাপন

রোনালদোকে বেঞ্চে বসানো নিয়ে যা বললেন পর্তুগাল কোচ

রোনালদোকে বেঞ্চে বসানো নিয়ে যা বললেন পর্তুগাল কোচ

ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা নিষ্প্রভ থাকায় অনেকেই তাকে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে এসব আলোচনা একেবারেই আমলে নিচ্ছেন না পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস।

উল্টো উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোনালদোর পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি। মার্তিনেসের মতে, গোলের জন্য এখনও পর্তুগালের সবচেয়ে বড় ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মার্তিনেস বলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং দ্রুত প্রতি-আক্রমণে যেতে চাই। এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিশ্চিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’

শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর প্রভাব নিয়েও প্রশংসা করেন পর্তুগাল কোচ। তিনি বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছে এবং যার হয়ে কথা বলা যায়। প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। দলের জন্য সে সত্যিকার অর্থেই একজন রোল মডেল।’

‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে কলম্বিয়া। ফলে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে উজবেকিস্তানের বিপক্ষে জয় কতটা গুরুত্বপূর্ণ, তা ভালোভাবেই জানেন মার্তিনেস।

তিনি বলেন, ‘দলের মধ্যে কিছুটা হতাশা আছে। তবে আমার বিশ্বাস, আগামীকাল আমরা একটি দল হিসেবে নিজেদের সেরাটা দেখাতে পারব। ৯০ মিনিটজুড়ে সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার জন্য খেলোয়াড়রা প্রস্তুত।’

এইচজেএস