ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার (২৮ জুন) জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টেক্সাসের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টা মিনিটে ম্যাচটি শুরু হবে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতোমধ্যেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি মূলত শেষ ষোলোর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ।
টানা দুই জয়ে ফুরফুরে মেজাজে থাকা আর্জেন্টিনা শিবিরে অবশ্য বড় আলোচনার কেন্দ্রবিন্দু অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গত ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন একচ্ছত্রভাবে নিজের করে নিয়েছেন এই মহাতারকা। তবে জন্মদিনের ঠিক পরপরই ব্যাক-টু-ব্যাক ম্যাচ হওয়ায় এবং নকআউট নিশ্চিত থাকায় জর্ডানের বিপক্ষে মেসিকে পুরো সময় খেলানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন কোচের মুখেও শোনা গিয়েছিল একই কথা। তিনি বলেছিলেন, ‘দলের বেশিরভাগ ফুটবলারকে সুযোগ দেওয়াই হবে এই ম্যাচের মূল পরিকল্পনা। আমরা সবাইকে সুযোগ দিতে চাই।’
এদিকে ফুটবল বিশ্লেষকদের ধারণা, রাউন্ড অব ৩২-এর মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের প্রধান তারকাদের পর্যাপ্ত বিশ্রাম দিতে চান স্কালোনি। ফলে জর্ডান ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিকো পাজ, হুলিয়ানো সিমিওনে কিংবা ভালেনতিন বার্কোর মতো তরুণ প্রতিভাদের এই ম্যাচে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে।
অন্যদিক, প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নবাগত দল জর্ডানের। অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি তাদের। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে সম্মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে এশিয়ান দলটি। হারাবার কিছু না থাকায় জামাল সালামির শিষ্যরা আর্জেন্টাইন ডিফেন্সের কঠিন পরীক্ষা নিতে চাইবে।
এমএমএম/

