World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে একজন নিহত, আহত ৮

বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে একজন নিহত, আহত ৮

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে জর্ডানের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন সমর্থকেরা। রাজধানী আম্মানের কেন্দ্রস্থলে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলনের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আটজন।

মঙ্গলবার জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে স্যান ফ্রান্সিসকোতে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল জর্ডান। ম্যাচটিতে প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় বিশ্বকাপে অভিষেক হওয়া দলটি। টানা দুই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায়ও নিশ্চিত হয়ে যায়।

জর্ডান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি একসঙ্গে উপভোগ করতে আম্মানের ঐতিহাসিক হাশমিত স্কয়ারে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হয়েছিলেন। খেলা চলাকালীন এবং পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় ও মানুষের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সেখানে পদদলনের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। মোট নয়জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত পরিচালনা করা হবে।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ায় জর্ডানজুড়ে ফুটবল উন্মাদনা তৈরি হয়েছিল। জাতীয় দলের ম্যাচ ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বিশেষ করে আম্মানে বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি এই আগ্রহেরই প্রতিফলন ছিল। তবে ঐতিহাসিক সেই ফুটবল উৎসবের আবহ শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়।

এইচজেএস