অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে বাংলাদেশ দলের পরবর্তী মিশন এবার জিম্বাবুয়েতে। একটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজ বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জ ও চাপের বলে মনে করেন তাসকিন আহমেদ।
কারণ জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই যে উঠবে কঠিন সমালোচনা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন এমন মন্তব্যই করেন। জিম্বাবুয়েতে গিয়ে তাদের হারানো কঠিন- ক্রিকেটাররা তা ভালোই জানেন। সেটিই যেন মনে করিয়ে দিলেন টাইগার এই পেসার।
তাসকিন বলেন, ‘জীবনে প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জের। প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। সামনে যে জিম্বাবুয়ে সিরিজ আসছে, এটা আরও বেশি চাপের। কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সঙ্গে খারাপ হলে বলবে জিম্বাবুয়ের সঙ্গে খারাপ খেলেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। খেলাধুলায় এমন সময় আসতেই পারে, মনে করেন তাসকিন।
তিনি বলেন, ‘খেলোয়াড়রা জানে, আমরা জানি- জিম্বাবুয়ের মাটিতে গিয়ে ওদের বিপক্ষে জেতা কত কষ্ট। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছি, দুর্ভাগ্যবশত টি-টোয়েন্টি হেরেছি। প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। টেপ টেনিসও চ্যালেঞ্জিং। খেলা কখনই সোজা না।’
এসএইচ/এমএমএম
